নয়াদিল্লি: দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেই শুল্ক ইস্যুতে তিনি ফের তোপ দেগেছিলেন। চড়া সুরে তিনি দাবি করেন, ভারতের মুখোশ খুলে দিয়েছি। সেজন্য তারা আমেরিকার পণ্যে শুল্ক কমাতে রাজি হয়েছে। ট্রাম্পের এই একতরফা দাবি নিয়ে তোলপাড় শুরু হয়। মঙ্গলবার অবশ্য ট্রাম্পের দাবি স্পষ্ট খারিজ করে দিল ভারত। সংসদীয় কমিটিকে কেন্দ্র সাফ জানিয়েছে, এব্যাপারে আমেরিকাকে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। ভারতের বাণিজ্য সচিব সুনীত বার্থওয়াল কমিটিকে জানিয়েছেন, পারস্পরিক সুবিধাজনক একটি দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির জন্য ভারত ও আমেরিকার আলোচনা চলছে। এক্ষেত্রে শুল্ক নিয়ে তাৎক্ষণিক কোনও সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ট্রাম্পের দাবি সম্পর্কে সংসদীয় কমিটির বহু সদস্যই উদ্বেগ প্রকাশ করেন। এব্যাপারে বাণিজ্য সচিব বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের দাবি ও সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে কোনও কিছু ধরে নেওয়া যায় না। কারণ, দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে দু’দেশের এখনও দরকষাকষি চলছে। শুল্ক নিয়ে ভারত আমেরিকাকে কোনও প্রতিশ্রুতিই দেয়নি। একইসঙ্গে তিনি বলেছেন, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় দেশের স্বার্থ বজায় রাখা হবে। বার্থওয়াল বলেছেন, ভারত বাণিজ্যের প্রসারকে সম্পূর্ণ সমর্থন করে। তবে শুল্ক যুদ্ধ কারও স্বার্থ সিদ্ধ করবে না। বরং তা মন্দার ঝুঁকি উস্কে দেবে। বাণিজ্য সচিব কমিটিকে আরও বলেছেন, ভারত কোনওভাবেই নির্বিচারে শুল্ক কমাবে না। বিশেষ করে, ঘরোয়া অর্থনীতির পক্ষে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে তো নয়ই। দেশের স্বার্থ সুনিশ্চিত করতে শুল্ক কমানো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পক্ষপাতী ভারত।