


ধর্মশালা: রবিবার ৯০ বছরে পা দিলেন তিব্বতি ধর্মগুরু চতুর্দশ দলাই লামা। জন্মদিনের আগে উত্তরসূরি বাছাই নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন নোবেলজয়ী। স্পষ্ট জানিয়েছিলেন, প্রথা মেনেই উত্তরসূরি নির্বাচন করা হবে। সেই অধিকার থাকবে তাঁদের সংস্থা গাদেন ফোদরাং ট্রাস্টের হাতেই। বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে চীন। এবার নাম না করে এবিষয়ে বেজিংকে কড়া বার্তা দিল আমেরিকা। রবিবার জন্মদিন উপলক্ষ্যে দলাই লামাকে শুভেচ্ছাবার্তা পাঠান মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সেখানে তিনি বলেন, ‘একতা, শান্তি, সহানুভূতির বার্তা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছেন দলাই লামা। তিব্বতিদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে সম্মান করে আমেরিকা। তাদের ভাষাগত, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি বিনা হস্তক্ষেপে ধর্মগুরু বাছাই করার অধিকারকে আমরা সমর্থন করি।’ আন্তর্জাতিক মহলের মতে, বিবৃতিতে পরোক্ষে চীনকেই ধমক দিল আমেরিকা।
এদিন তিব্বতি ধর্মগুরুর জন্মদিন উপলক্ষ্যে ধর্মশালায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংসদীয় ও সংখ্যালঘু বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু সহ অন্যান্যরা। রিজিজু বলেন, ‘দলাই লামাকে অতিথি হিসেবে পেয়ে আমরা গর্বিত। ওঁর সংস্থার দেওয়া নির্দেশিকা আমরা মেনে চলব।’ বর্তমানে বিদেশ সফরে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হান্ডলে তিনি লেখেন, ‘৯০তম জন্মদিনে ১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে আমিও দলাই লামাকে শুভেচ্ছা জানাই। তিনি প্রেম, করুণা, শান্তি ও নৈতিক শৃঙ্খলার একজন স্থায়ী প্রতীক।’ ভিডিও বার্তা পাঠান তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট- বারাক ওবামা, জর্জ ডব্লু বুশ ও বিল ক্লিন্টন। জন্মদিনে তিব্বতি ধর্মগুরুর পাশে থাকার বার্তা দেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিষ্যদের উদ্দেশে বার্তা দেন তিব্বতি ধর্মগুরু। বলেন, ‘যতদূর মনে হয়, আমার একটা মানব জীবন আছে। মানুষ হিসেবে একে অপরকে ভালোবাসা ও সাহায্য করা অত্যন্ত স্বাভাবিক। সংবেদনশীল মানুষের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি।’ সম্প্রতি নিজের পুনর্জন্মের কথা জানিয়েছিলেন চতুর্দশ দলাই লামা। রবিবার এবিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘দলাই লামাদের পুনর্জন্ম ওঁকে দিয়ে শুরু হয়নি, শেষও হবে না।’
১৯৫৯ সালে চীন অধিকৃত তিব্বত থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন চতুর্দশ দলাই লামা। সঙ্গে এসেছিলেন অসংখ্য শিষ্য ও অনুরাগী। তখন থেকেই চীনের সঙ্গে সংঘাতের সূত্রপাত। এবার ফের উত্তরসূরি বাছাই নিয়ে কার্যত বেজিংকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিব্বতি ধর্মগুরু।