নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রেলের জমিতে প্রাচীর তৈরির ফলে চলাচলের রাস্তা নিয়ে সমস্যা হবে ৩২ নম্বর ওয়ার্ডের পাইপলাইন এলাকার বাসিন্দাদের একাংশের। ইতিমধ্যেই এই সমস্যা সমাধানে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন মেয়র গৌতম দেব। কিন্তু এরপরও রেল তাদের পরিকল্পনা মতোই প্রাচীর তৈরির কাজ শুরু করেছে। সোমবার সকালে এলাকায় গিয়ে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাপস চট্টোপাধ্যায় বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেলের সিদ্ধান্তের প্রতিবাদে নামেন। সেখানে কাজ বন্ধ করে শ্রমিকদের ফেরত পাঠানো হয়। রেল সিদ্ধান্ত না বদলালে আগামীতে আরও বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছেন কাউন্সিলার। এলাকাবাসীর অসুবিধে করে কোনও কাজ করা যাবে না বলে জানিয়েছেন কাউন্সিলার।