নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপেক্ষাই সার, বুধবার আইএসএলের সূচি প্রকাশ করতে পারল না ফেডারেশন। এদিন দুপুর ১২টায় বিভিন্ন ক্লাব ও ফেডারেশন কর্তাদের অনলাইন বৈঠকে সূচি তৈরি হওয়ার কথা ছিল। সেই মতো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। তবে বেলা গড়ালেও, প্রকাশিত হল না সূচি। বরং ফেডারেশন ও ক্লাব জোটের মধ্যে দেখা দিল নয়া জট। দীর্ঘমেয়াদি সময়ের জন্য কোন পথে আয়োজিত হবে আইএসএল, তা নিয়ে মঙ্গলবারই জোড়া কমিটি গঠনের কথা জানিয়েছিল ফেডারেশন। গভর্নিং কাউন্সিল ও ম্যানেজমেন্ট কমিটিতে থাকবে পৃথক পৃথক সদস্য। প্রথম কমিটিতে ২২জনের সদস্যের মধ্যে জায়গা পাবে ক্লাব, ফেডারেশন, মার্কেটিং পার্টনার ও কর্মাশিয়াল পার্টনার। তবে প্রতিটি কমিটির কোনও সিদ্ধান্ত নিয়ে যদি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তা বদলাতে পারবেন ফেডারেশন সভাপতি কিংবা সাধারণ সচিব। তবে বুধবার ক্লাবজোটের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, ফুটবল সংক্রান্ত কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করতেই পারেন ফেডারেশন কর্তারা। ফুটবলের বাইরে কোনও সিদ্ধান্ত হলে তাতে হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। এর ফলেই সূচি প্রকাশ স্থগিত রাখা হয়। ক্লাব জোটের পক্ষ থেকে গোটা বিষয়টা নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে নিয়েছে। এই প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সচিব সত্যনারায়ণ জানান, ‘ক্লাব জোটের পক্ষ থেকে কিছু বিষয়ে বিশদে জানতে চাওয়া হয়েছে। আমরা তাদের লিখিতভাবে তা জানাতে বলেছি। সেই নিয়ে ফের আলোচনায় বসব। আশা করছি, দু’একদিনের মধ্যে সব মিটে যাবে। তারপরই সূচি প্রকাশিত হবে।’



