চেন্নাই: নিট নিয়ে বড় ধাক্কা খেল তামিলনাড়ু। নিট থেকে ছাড় দিয়ে ক্লাস টুয়েলভে প্রাপ্ত নম্বরকে মান্যতা দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি বিল পাঠিয়েছিল তামিলনাড়ু বিধানসভা। শুক্রবার সেই বিলটি খারিজ করে দেন রাষ্ট্রপতি। রাজ্য বিধানসভায় দু’বার বিলটি পাশ হলেও তাতে মান্যতা দিল না রাষ্ট্রপতি ভবন। এদিন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজেই বিধানসভায় এই খবরটি জানান।
নিটের প্রবল চাপ। তা নিয়ে একের পর এক পড়ুয়ার আত্মহত্যা। সেই ঘটনায় বারবার উত্তপ্ত হয়েছে তামিলনাড়ুর রাজনীতি। গত ২৮ মার্চ আত্মঘাতী হন দেবদর্শিনী নামে এক পরীক্ষার্থী। জানা যায়, এর আগে চারবার নিটে ব্যর্থ হওয়ায় প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি। আগামী ৪ মে ফের পরীক্ষায় বসার কথা ছিল দেবদর্শিনীর। তার আগেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। এর পরেই নতুন করে বিতর্ক শুরু হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে আঙুল তোলে বিরোধী এআইএডিএমকে। শাসকদল ডিএমকেও অবশ্য নিটের বিরুদ্ধে। এই পরীক্ষার বদলে দ্বাদশ শ্রেণির নম্বরকেই মান্যতা দিতে ২০২১ ও ২০২২ সালে বিলে মান্যতা দেয় বিধানসভা। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে বিলটি ঝুলে ছিল। শেষ পর্যন্ত বিলটি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি।
এনিয়ে বিজেপিকে বিঁধেছেন স্ট্যালিন। হিন্দি চাপিয়ে দেওয়া ও ডিলিমিটেশন নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে টানাপোড়েন চলছে তামিলনাড়ুর। তার মধ্যেই নিট কাণ্ড। এই ঘটনাকে দক্ষিণ ভারতের অপমান বলে মন্তব্য করেন স্ট্যালিন। সঙ্গে আরও জানান, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য এটা একটা কালো অধ্যায়।