নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বর্ধমানে ক্রেতা সুরক্ষা মেলা হবে। বৃহস্পতিবার বর্ধমানে সাংবাদিক বৈঠক করে জানান ক্রেতাসুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। মেলার প্রস্তুতি নিতে মন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। সেখানে আর এক মন্ত্রী শ্রীকান্ত মাহত, জেলাশাসক আয়েশা রানি এ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ক্রেতাসুরক্ষা দপ্তরের মন্ত্রী বলেন, প্রতি বছর তিনটি করে মেলা রাজ্যে হয়। মেলায় আসা লোকজনদের সতর্ক করা হয়। ক্রেতারা কোথাও প্রতারিত হলে সরাসরি অভিযোগ জানাতে পারেন। অনেকে ফ্ল্যাট বুকিং করার পর সময়ে তা পান না। এরকম হলে ক্রেতারা অভিযোগ করতে পারেন। কোনও নার্সিংহোমে ঠিকমতো চিকিৎসা না হলে দপ্তরে অভিযোগ জানানো যেতে পারে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



