Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৪ নভেম্বর আদ্রা ডিভিশনে বাতিল ৯ জোড়া ট্রেন, ক্ষোভ যাত্রীমহলে

২৪ নভেম্বর আদ্রা ডিভিশনে বাতিল ৯ জোড়া ট্রেন, ক্ষোভ যাত্রীমহলে
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ২৪ নভেম্বর রবিবার ৮ ঘণ্টা ১৫ মিনিট ধরে আপ ও ডাউন লাইনে কাজ হবে। ওইদিন জয়চণ্ডী পাহাড়, গড়দ্রুবেশ্বর, শাকা স্টেশনে লেভেল ক্রসিং গেটের কাছে সামান্য উচ্চতার সাবওয়ে তৈরি হবে। এছাড়া, সেতুর কিছু কাজ হবে। সেজন্য ওইদিন আদ্রা ডিভিশনে চলাচলকারী ৯ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া, দু’টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দিনের পর দিন রেলের এমন সিদ্ধান্তে যাত্রীরা ক্ষুব্ধ।
Advertisement
১৮৬০১/১৮৬০২ হাটিয়া-টাটা দৈনিক, ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম- ধানবাদ দৈনিক মেমু, ১৩৫১১/১৩৫১২ আসানসোল-টাটা দৈনিক, ০৮৬৪৭/০৮৬৪৮ আদ্রা-বরাভূম দৈনিক মেমু এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া, ১৮১৮৩ টাটা-বক্সার এক্সপ্রেস ২৩ ও ২৪ নভেম্বর এবং ১৮১৮৪ বক্সার-টাটা এক্সপ্রেস ২৪ ও ২৫ নভেম্বর চলাচল করবে না।
প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ০৩৫৯৪/০৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু, ০৩৫৯৭/০৩৫৯৮ আসানসোল-রাঁচি দৈনিক মেমু, ০৮১৭৪/০৮৬৫২ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক মেমু, ০৮৬৪৪/০৮৬৪৩ আসানসোল-আদ্রা দৈনিক মেমু ওইদিন চলাচল করবে না। এছাড়া, ০৮১৭৩ আসানসোল-টাটা দৈনিক মেমু প্যাসেঞ্জার ২৪ নভেম্বর শুধুমাত্র আদ্রা পর্যন্ত চালানো হবে। সেদিন আদ্রা থেকে টাটা অবধি ওই ট্রেন যাবে না। ০৮৬৫১ বরাভূম-আসানসোল দৈনিক এক্সপ্রেসও ওইদিন আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা থেকে বরাভূম অবধি ট্রেনটির পরিষেবা বন্ধ থাকবে।
রেলযাত্রী বুবাই পরামানিক, অমল বাউরিরা বলেন, আদ্রা ডিভিশনে ট্রেন পরিষেবা যেভাবে চলছে, তাতে রেললাইন তুলে দিলেই হয়তো ভালো হয়। তাহলে অন্তত মানুষকে অসুবিধায় পড়তে হবে না। রেলের বিরুদ্ধে বলতে গেলেই মিথ্যা কেস দেওয়া হচ্ছে। আদ্রা ডিভিশনের তরফে জানানো হয়েছে, যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন, সেজন্য আগাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই উন্নয়নের কাজ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ