নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতে যথাযথ উপস্থাপনে খামতি থাকায় অনেক ‘সহজ’ মামলাও হারতে হয়েছে পুরসভাকে। কিছু ক্ষেত্রে অস্বস্তিও বেড়েছে পুরসভার। এই অবস্থার বদল ঘটাতে পুরসভার বিভিন্ন বিভাগের সঙ্গে আইন বিভাগের সমন্বয় আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। কোনও মামলার ক্ষেত্রে আইনজীবীরা কীভাবে আদালতে পুরসভার বক্তব্য বা মতামত পেশ করবেন, তার জন্য পর্যাপ্ত হোমওয়ার্ক প্রয়োজন বলে মনে করছেন পুরকর্তারা। সোমবার এ সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ। সেখানে পুরসভার আইন বিভাগের পাশাপাশি অ্যাসেসমেন্ট, বিল্ডিং ও কর্মিবর্গ বিভাগের কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গিয়েছে, কোন আইনজীবী পুরসভাকে আদালতে জয় এনে দিচ্ছেন এবং কে বারবার আইনি লড়াইয়ে হার মানছেন, তাঁদের পৃথক তালিকা তৈরির সিদ্ধান্ত হয়েছে। কোন আইনজীবীকে কোন মামলা লড়তে দিলে জয় আসতে পারে, তা আগাম বিবেচনা করে আদালতে অগ্রসর হলে সুফল মিলতে পারে বলেও মনে করছেন পুরকর্তারা। পাশাপাশি, যে যে বিভাগের মামলা চলছে, সেই সমস্ত বিভাগের জন্য নির্দিষ্ট ল অফিসারকে দায়িত্ব দিতে বলা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। কোন কেস কবে উঠছে, কোন মামলার অগ্রাধিকার বেশি, কীভাবে কেস আদালতে ‘মুভ’ করতে হবে, কীভাবে বয়ান লেখা হবে বা সওয়ালের সময় আইনজীবীরা কীভাবে পুরসভার মনোভাব বা বক্তব্য তুলে ধরবেন, সেসব বিষয়ে রীতিমতো হোমওয়ার্ক করতে বলা হয়েছে ল অফিসারদের। এছাড়া, কোর্টের নথিপত্র তুলতে যেন অর্থের টানাটানি না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।



