Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে বাড়ির পাশের পুকুর ভরাট রুখলেন পুর প্রশাসক

পুর প্রশাসকের বাড়ির পাশেই পুকুর দখলের চেষ্টা। শোরগোল রায়গঞ্জের ২৩ নম্বর ওয়ার্ডের বীরনগরে। সেই পুকুরের আয়তন প্রায় এক বিঘা। সেখানেই চোখ পড়েছিল মাফিয়াদের।

রায়গঞ্জে বাড়ির পাশের পুকুর ভরাট রুখলেন পুর প্রশাসক
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: পুর প্রশাসকের বাড়ির পাশেই পুকুর দখলের চেষ্টা। শোরগোল রায়গঞ্জের ২৩ নম্বর ওয়ার্ডের বীরনগরে। সেই পুকুরের আয়তন প্রায় এক বিঘা। সেখানেই চোখ পড়েছিল মাফিয়াদের। শনিবার সকালে একের পর এক ট্রাক্টর ট্রলিতে মাটি ও জঞ্জাল এনে অবৈধভাবে বোজানো হচ্ছিল পুকুরটি। আর সে প্রক্রিয়া শুরু হতেই পদক্ষেপ নিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। রুখে দিলেন পুকুর ভরাট। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুর প্রশাসকের বাড়ির পাশে রয়েছে রাজবাড়ি পুকুর। নামের মধ্যে একটা নস্টালজিয়া থাকলেও এখন সেখানে শুধুই আগাছা আর কচুরিপানা। এদিন সাত সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, একের পর এক ট্রাক্টর ট্রলিতে মাটি বোঝাই করে বীরনগরে ঢুকছে। রয়েছে জঞ্জালও। তা দিয়ে পুকুর ভরাট হচ্ছে। স্থানীয়রা তখনই এর প্রতিবাদ করেন। তাঁরা পুর প্রশাসককে জানান। পুর প্রশাসক এসে পুকুর ভরাট বন্ধ করে দেন। 
রায়গঞ্জ শহর ও লাগোয়া এলাকায় পুকুর ভরাটের অভিযোগ প্রায়ই উঠছে। যা নিয়ে প্রশাসক বোর্ড পরিচালিত বোর্ড নীরব। তবে এদিন রাজবাড়ি পুকুর ভরাট হতে দেননি পুর প্রশাসক। তিনি বলেন, আগেও ২০০৬ সালে এই পুকুরটি ভরাটের চেষ্টা হয়েছিল। সেই সময়ও আমি বাধা দিই। আদালতে মামলা করি। এদিন আমাকে স্থানীয় বাসিন্দারা খবর দিলে আমি সেই চেষ্টা আটকে দিয়েছি। মানবিকতার খাতিরে ট্রাক্টরটিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে পুলিসকে আমি গোটা ঘটনা জানিয়েছি। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে অভিযোগ জানাব। যদিও কারা এই কাজ করছিল, সে বিষয়ে সঠিকভাবে কিছু বলতে পারেননি পুর প্রশাসক। শহরের পুকুর ভরাটের কোনও অভিযোগ এলে  ব্যবস্থা গ্রহণ করা হয়। আগামীদিনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
দিনের বেলা পুকুর ভরাটের ঘটনায় দুষ্কৃতীদের সাহস নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। বাসুদেব মণ্ডল বলেন, পুকুরটি থাকলে আমাদের সকলেরই ভালো। কিন্তু এই পুকুরটি ভরাট করতে এসেছিল। জানতে পেরে আমরা প্রতিবাদ করি। পুর প্রশাসক এসে পুকুর ভরাট বন্ধ করে দেন। এই বিষয়ে রায়গঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমেন চট্টোপাধ্যায় বলেন, পুর প্রশাসকের পদক্ষেপকে সাধুবাদ। পুরসভা তাদের মতো ব্যবস্থা নেবে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিস। আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কারা জড়িত রয়েছে তার তদন্ত হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ