Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে রবীন্দ্রজয়ন্তীতে একাধিক অনুষ্ঠান

যথাযথ মর্যাদায় শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে রবীন্দ্রজয়ন্তী পালিত হল।

বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে রবীন্দ্রজয়ন্তীতে একাধিক অনুষ্ঠান
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগ: যথাযথ মর্যাদায় শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া ও আরামবাগে রবীন্দ্রজয়ন্তী পালিত হল। বিশ্বকবির জন্মদিন উপলক্ষ্যে পুরুলিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শহরের রবীন্দ্র ভবনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পুরুলিয়া পুরসভার উদ্যোগে রবীন্দ্র ভবনের বাইরে রবি ঠাকুরের একটি পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হয়। আগে ওই মূর্তিটি পুরুলিয়া পুরসভার মূল গেটের বাইরে ছিল। যদিও নিকাশির সমস্যা হওয়ায় মূর্তিটি সরিয়ে রবীন্দ্রভবনের বাইরে বসানো হয়। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুল, রাজনৈতিক দল, সমাজসেবী ও নাগরিক সংগঠনের তরফেও দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। 

Advertisement

শুক্রবার বাঁকুড়া জেলাতেও দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়। বাঁকুড়া রবীন্দ্র ভবনে সরকারি উদ্যোগে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাঁকুড়ার দুই অতিরিক্ত জেলাশাসক নকুলচন্দ্র মাহাত ও অরিন্দম বিশ্বাস উপস্থিত ছিলেন। এদিন বাঁকুড়া জেলা তৃণমূল কার্যালয়েও দিনটি পালন করা হয়। বিষ্ণুপুরে এদিন সকালে পুরসভার উদ্যোগে শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড়ে, রঘুনাথসায়র মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে যদুভট্ট মঞ্চে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী পালিত হয়।
শুক্রবার আরামবাগ মহকুমাতেও সাড়ম্বরে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। সকালে আরামবাগ মহকুমা গ্রন্থাগারের সহযোগিতায় লাইব্রেরির সভাকক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরামবাগের মহকুমা শাসক রবি কুমার, পুরসভার কাউন্সিলার স্বপন নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। আরামবাগ পুরসভা ও নাগরিক সমাজের উদ্যোগে রবীন্দ্রভবনে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করা হয়। বিবেকানন্দ উদ্যানে পুরসভার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী সহ অনেকেই উপস্থিত ছিলেন। খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে পড়ুয়াদের নিয়ে কবি প্রণাম অনুষ্ঠান হয়। গোঘাটের থানা গোড়ায় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে প্রভাতফেরিতে অংশে নেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ