সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া-১ ব্লকে ভাদো গ্রাম পঞ্চায়েতের মিরকামারি থেকে রতুয়া গ্রাম পঞ্চায়েতের কারবোনা যাওয়ার রাস্তা এখনও কাঁচা। মিরকামারি এবং কারবোনার মাঝে কুজির বিলে প্রায় ৫০০ মিটার রাস্তা কাঁচা আছে। এই কাঁচা রাস্তার জন্য প্রায় ১০ কিমি ঘুরে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। এই রাস্তা দিয়ে ভাদো বিএসবি হাইস্কুল, কারবোনা কাঞ্চননগর হাই মাদ্রাসা এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসার পড়ুয়াদের যাতায়ত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা শিক্ষক মোবারক হোসেন বলেন, মিরকামারি এবং কারবোনা গ্রামে পাকা রাস্তা থাকলেও দুই গ্রামের সংযোগকারী কুজির বিলের প্রায় ৫০০ মিটার রাস্তা কাঁচা থাকায় বর্ষাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজ্য সড়ক দেবীপুর যেতে হলে রতুয়া সদর হয়ে ১০ কিমি ঘুরে যেতে হয়। অথচ কুজির বিল থেকে দেবীপুরের দূরত্ব সামান্য। এই রাস্তা পাকা হলে এলাকার সাধারণ মানুষ, পড়ুয়ারা সকলেই উপকৃত হবে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, রাস্তাটি সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



