Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

১ মার্চ মাস থেকেই বসন্তপুর মোড়ে চালু হচ্ছে পার্কিংজোন

১ মার্চ মাস থেকেই বসন্তপুর মোড়ে চালু হচ্ছে পার্কিংজোন
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে পার্কিং জোন গড়ে তুলছে পুরসভা। বসন্তপুর মোড় এলাকায় জায়গা চিহ্নিত করেছে পুরসভা। সেখানেই রাখতে হবে দু’ থেকে চার চাকার যানবাহন। আগামী ১ মার্চ থেকে চালু হবে ওই পার্কিং জোন। শহরবাসীকে বিষয়টি জানাতে হুগলি গ্রামীণ পুলিসের তরফে মাইকিং করা হয়। পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী বলেন, শহরকে যানজট মুক্ত রাখাই আমাদের লক্ষ্য। তাই বসন্তপুর মোড় এলাকায় পার্কিং জোনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসিন্দারা সেই জায়গা পার্কিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্য গাড়ি পিছু পার্কিং চার্জ দিতে হবে। যদিও ওই চার্জ এখনও ঠিক করা হয়নি। 
Advertisement
আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, ফুটপাত বা রাস্তার উপরে যানবাহন দাঁড় করিয়ে রাখার প্রবণতা কমাতে পার্কিং জোন গড়া হচ্ছে। নির্ধারিত পার্কিং জোনের জায়গায় গাড়ি না রেখে, তা অন্যত্র পার্কিং করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
উল্লেখ্য, আরামবাগ শহরের বিভিন্ন রাস্তায় নিত্যদিন যানজট লেগে থাকে। আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক গিয়েছে শহরের উপর দিয়েই। ওই রাস্তার লিঙ্ক রোড এলাকায় কার্যত রাস্তার উপরেই বাইক সহ নানা ধরনের যান দাঁড়িয়ে থাকে। তারফলে যানজট হয়। সংকীর্ণ রাস্তা হওয়ার ফলে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। ওই রাস্তায় যান নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিস মোতায়েন থাকে। তারপরেও বিভিন্ন সময় ওই রাস্তায় যানজট লেগে থাকে। স্থানীয় বাসিন্দারা ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবিও জানিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আরামবাগ পুরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পার্কিং জোন না থাকার ফলে যত্রতত্র বাইক সহ অন্যান্য গাড়ি দাঁড়িয়ে থাকে। তারসঙ্গে অত্যধিক পরিমাণে টোটো চলাচলেও যানজট বেড়েছে। তাই পার্কিং জোন তৈরির দাবি জানানো হয়। 
উল্লেখ্য, কিছুদিন আগেই শহরকে যানজট মুক্ত করতে আরামবাগের মহকুমা শাসক, এসডিপিও সহ অন্যান্য দপ্তরের অফিসাররা সরেজমিনে পরিদর্শন করেন। যানজট রয়েছে এমন একাধিক স্পট তাঁরা ঘুরে দেখেন। তারপরই শহরের বিভিন্ন স্থানে পার্কিং জোন গড়তে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সেইমতো বসন্তপুর এলাকায় আগামী ১ মার্চ থেকে একটি পার্কিং জোন চালু করতে চলেছে পুরসভা।
Advertisement
সম্পর্কিত সংবাদ