নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষকরা বিএলও ডিউটিতে নেমে যাওয়ায় স্কুল পরিচালনা এবং পঠনপাঠনে হিমশিম খাচ্ছে বহু জেলা। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অবস্থা সামাল দেওয়ার জন্য বিভিন্ন জেলায় নানা বন্দোবস্ত করা হচ্ছে। বাঁকুড়া জেলার ডিপিএসসি চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, যে স্কুলের সমস্ত শিক্ষক বিএলও ডিউটি পেয়েছেন, সেগুলির পঠনপাঠন চালানোর জন্য কাছাকাছি স্কুল থেকে শিক্ষকদের আনতে হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক বলেন, ‘আমরা এরকম লিখিত কোনও নির্দেশিকা দিইনি। তবে, বোঝাপড়ার ভিত্তিতে পঠনপাঠন এবং মিড ডে মিল চালু রাখতে হচ্ছে। যে স্কুলের শিক্ষকরা কাছাকাছি এলাকায় ডিউটি পেয়েছেন, তাঁদের বলা হয়েছে পালা করে স্কুলে আসতে। কেউ প্রথম থেকে স্কুল করে তাড়াতাড়ি বেরিয়ে যাবেন, আবার কেউ ডিউটি সেরে স্কুলে আসবেন একটু দেরিতে। মঙ্গলবার থেকে এই বন্দোবস্ত চালু হয়েছে। জেলার সর্বত্র কীভাবে তা চলছে, সেই রিপোর্ট এখনও আসেনি।’



