Bartaman Logo
১০ জুন, ২০২৬

মোদির সাফল্য নাকি মমতার ব্যর্থতা? হিসেবে জল! বঙ্গ বিজেপির পুরনো রিপোর্ট মানবে না কেন্দ্রীয় নেতৃত্ব

রাজ্যে বুথ কমিটি গঠন সংক্রান্ত দলের পুরনো কোনও রিপোর্ট মেনে নেবে না বিজেপির কেন্দ্রীয় পার্টি। কারণ দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের আশঙ্কা, ওই রিপোর্টে ‘জল’ রয়েছে।

মোদির সাফল্য নাকি মমতার ব্যর্থতা?  হিসেবে জল! বঙ্গ বিজেপির পুরনো রিপোর্ট মানবে না কেন্দ্রীয় নেতৃত্ব
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে বুথ কমিটি গঠন সংক্রান্ত দলের পুরনো কোনও রিপোর্ট মেনে নেবে না বিজেপির কেন্দ্রীয় পার্টি। কারণ দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের আশঙ্কা, ওই রিপোর্টে ‘জল’ রয়েছে। অর্থাৎ, সাংগঠনিক রিপোর্ট যথাযথ নয়। বরং সাংগঠনিক দুর্বলতা ঢাকতে অনেক বিষয় ধামাচাপা দিয়ে কেন্দ্রীয় পার্টির কাছে রিপোর্ট পেশ করা হয়েছে। বিজেপি সূত্রে খবর, পার্টির অভ্যন্তরীণ মূল্যায়নেই বিষয়টি সামনে এসেছে। আগামী বছর বাংলায় গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রয়েছে। এই প্রেক্ষিতে এমন মূল্যায়নকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহল। পাশাপাশি তাদের ব্যাখ্যা, এর ফলে বঙ্গ বিজেপিও যথেষ্ট কোণঠাসা হবে। গেরুয়া শিবির সূত্রে খবর, চলতি মাসের মধ্যেই বুথ কমিটি গঠন সংক্রান্ত সংশোধিত রিপোর্ট দিল্লিতে পেশ করার জন্য বাংলার বিজেপি নেতাদের নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় পার্টি। পুরো বিষয়টি তদারক করতে বলা হয়েছে বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত দলের দুই শীর্ষ কেন্দ্রীয় নেতা সুনীল বনসল এবং মঙ্গল পাণ্ডেকে। বুথের প্রকৃত সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে জানতে তাঁরা দলের রাজ্য নেতাদের জেলায় জেলায় পাঠাচ্ছেন। নিয়মিত বৈঠক করার নির্দেশও দিয়েছেন। 

Advertisement

বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়ন বলছে, এই মুহূর্তে বাংলায় বুথের সংখ্যা কমবেশি ৭৭ হাজার। কিন্তু তার মধ্যে এমন প্রায় ১৭ হাজার বুথ রয়েছে, যেখানে মুসলমান এবং অন্য সংখ্যালঘু ভোটারের সংখ্যাই সর্বাধিক। ফলে এই ১৭ হাজার বুথকে তাদের ‘হিসেব’-এর বাইরে রাখতে চাইছে বাংলার বিজেপি শিবির। বাকি প্রায় ৬০ হাজার বুথ নিয়েই চর্চা চালাতে চাইছে দল। যদিও এর মধ্যে হাজারদশেক বুথে দলীয় সংগঠন একেবারেই সুবিধেজনক পরিস্থিতিতে নেই। অভ্যন্তরীণ মূল্যায়নে তা মানছেন বিজেপি নেতারা।  ফলে হাতে পড়ে থাকা ৫০ হাজার বুথে ১০০ শতাংশ কমিটি গঠন করার ব্যাপারেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। প্রায় ২৭ হাজার বুথ নিয়ে দল আর বিশেষ মাথা ঘামাতে চাইছে না। যদিও এতে বিধানসভা ভোটে আদৌ তাদের লাভ কতটা হবে, তা নিয়ে সংশয় রয়েছে দলের অন্দরেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ