দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বিশৃঙ্খলা, তার জেরে কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর এবার চীনা পণ্য ইস্যু! ওয়াই-ফাই অকেজো হয়ে মোদির ‘ডিজিটাল ইন্ডিয়া’র মুখ থুবড়ে পড়ার রেশ কাটেনি। এরই মধ্যে বুধবার নয়া বিতর্কে সরগরম হল রাজধানীর বুকে চলা হাই-প্রোফাইল ‘এআই ইমপ্যাক্ট সামিট’। চোখ ধাঁধানো এআই সম্মেলনের প্রথম দিনেই একটি রোবোডগ (রোবট কুকুর) এনে হাজির করেছিল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সেখানকার অধ্যাপিকা নেহা সিং দাবি করেছিলেন, তাঁদের প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রায় ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তার অন্যতম ফসল এই রোবোডগ ‘ওরিয়ন’। সেটির ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে দেশীয় প্রযুক্তির বন্দনায় শামিল হন স্বয়ং কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। কিন্তু অচিরেই সামনে আসে আসল তথ্য— ওই রোবোডগ একটি চীনা পণ্য, নাম ‘ইউনিট্রি গো২’। অনলাইনে ২৮০০ মার্কিন ডলার বা প্রায় আড়াই লক্ষ টাকায় কিনতে পাওয়া যায়। ‘জালিয়াতি’ প্রকাশ্যে আসতেই বুধবার তড়িঘড়ি অভিযুক্ত গালগোটিয়াস ইউনিভার্সিটিকে সম্মেলন ত্যাগের নির্দেশ দেয় কেন্দ্র। বিশাল প্যাভিলিয়নে হাজির কর্মকর্তারা অবশ্য সেকথা স্বীকার করছিলেন না। বিষয়টি নিয়ে টালবাহানা চলাকালীনই তাদের প্যাভিলিয়নের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। যোগীরাজ্যের বিশ্ববিদ্যালয়ের এহেন কার্যকলাপে দেশবিদেশের অভ্যাগতদের সামনে ফের মুখ পুড়েছে মোদি সরকারের।



