সংবাদদাতা, বনগাঁ: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক দাদুর বিরুদ্ধে। ঘটনাটি বাগদা থানা এলাকার। রবিবার ভোরে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিমল ঘোষ (৭৪)। তিনি তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ছিলেন। ধৃতকে এদিন বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত বুধবার নাবালিকা বাড়িতে একাই ছিল। তখন অভিযুক্ত দাদু তাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণও করেন বলে অভিযোগ। নাবালিকা বাড়িতে এসে ঘটনার কথা জানায়। শনিবার রাতে বাগদা থানায় ওই দাদুর বিরুদ্ধে অভিযোগ করে নাবালিকার পরিবার। তার ভিত্তিতে পুলিস তাঁকে গ্রেপ্তার করে। নাবালিকার মা বলেন, মেয়েকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ওর সঙ্গে নোংরা কাজ করেছেন বৃদ্ধ। মেয়ে তাঁকে দাদু বলে ডাকতো। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।



