লাহোর: ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড সফরেও চরম দুর্দশা অব্যাহত। এরপর কোচবদল ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সেটাই হল। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন কোচ নিযুক্ত হলেন মাইক হেসন। এই নিয়ে গত তিন বছরে হাফ ডজন বিদেশি কোচ ছাঁটাই হলেন। গ্যারি কার্স্টেন, জেসন গিলেসপিদের কুরসি সামলানোই কিউয়ি হেসনের নতুন চ্যালেঞ্জ। অন্তর্বর্তী কোচ আকিব জাভেদের পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন তিনি। সূত্রের খবর, আগামী ২৬ মে কাজ শুরু করবেন জেসন। পাকিস্তান ক্রিকেটকে হাতের তালুর মতো চেনেন হেসন। আসলে তাঁর হাত ধরেই পাকিস্তান সুপার লিগ চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ ইউনাইটেড। এবার বাবরদের ছন্দে ফেরানোই হেসনের লক্ষ্য।



