Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পৈলানে গড়ে উঠবে জেলার স্বনির্ভর গোষ্ঠীদের মার্কেট কমপ্লেক্স, চিহ্নিত জমি

স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কিংবা বিভিন্ন সামগ্রী তৈরি করা কারিগরদের জন্য পৃথক মার্কেট তৈরি করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পৈলানে গড়ে উঠবে জেলার স্বনির্ভর গোষ্ঠীদের মার্কেট কমপ্লেক্স, চিহ্নিত জমি
  • ২৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কিংবা বিভিন্ন সামগ্রী তৈরি করা কারিগরদের জন্য পৃথক মার্কেট তৈরি করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও এর তোড়জোড় শুরু হয়েছে। পৈলানে ডায়মন্ডহারবার পুলিশ জেলার সদর অফিসের অদূরেই একটি ফাঁকা জমি চিহ্নিত করা হয়েছে।  সেখানেই গড়ে উঠবে এই মার্কেট বলে জানা গিয়েছে। তবে সেখানে অনেকটাই জায়গা আছে। কিন্তু এই মার্কেট কমপ্লেক্স নির্মাণ করতে লাগবে প্রায় হাফ একর জমি। এমনটাই প্রশাসন সূত্রে খবর। 

Advertisement

সরকারি নিয়ম অনুযায়ী, পুরো প্রকল্পটি পিপিপি মডেলে হবে। অর্থাৎ জমি দেবে সরকার। মার্কেট তৈরি করবে বেসরকারি সংস্থা (যারা টেন্ডারের মাধ্যমে দায়িত্ব পাবে)। যদি দুটি ভবন হয় সেক্ষেত্রে একটি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার হাতে থাকবে অপরটি সরকারি স্টলের জন্য দেওয়া হবে। আর যদি একটি বিল্ডিং হয়, তাহলে কয়েকটি তলা সরকারের জন্য ছেড়ে দিতে হবে। সূত্রের খবর, জেলার এই মার্কেট তৈরি করার প্রস্তুতি কিছুটা এগিয়েছে। তবে নির্মাণ কাজ কবে থেকে শুরু হবে, তা এখনো স্থির হয়নি। 

এই মার্কেট তৈরি হয়ে গেলে ছোটখাটো মাঝারি কারিগর থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেকটাই উপকৃত হবেন। তাঁরা লিজে বা ভাড়ায় এখানে ঘর বা দোকান নিতে পারবেন। সেটা অবশ্য ঠিক করবেন যারা এই মার্কেট তৈরি করবে। হাতে তৈরি করা সামগ্রী বিক্রি করতে আর এদিক-ওদিক ছুটে বেড়াতে হবে না কারিগরদের। এক ছাতার তলাতেই হরেক রকমের জিনিসপত্র পাওয়া যাবে এবং আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও অন্যান্য কারিগরদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে জায়গাটি বাছাই করা হয়েছে সেটা একদম ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরেই। ফলে যেতে আসতে সাধারণ মানুষের চোখে পড়বেই। আরও অনেক স্থান দেখা হয়েছিল কিন্তু পৈলানের জমিটি সব দিক দিয়ে সুবিধাজনক মনে হয়েছে বলেই এটা চূড়ান্ত করেছেন আধিকারিকরা।

সম্পর্কিত সংবাদ