Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বহু ক্যান্সার আক্রান্তকেও ভোটের ডিউটির চিঠি, নাম কাটাতে আবেদন

কেউ ক্যান্সার আক্রান্ত, কারো সন্তান আবার বিশেষ চাহিদাসম্পন্ন। এমন অনেক মহিলা ও পুরুষ সরকারি কর্মীর কাছে ভোটের ডিউটির চিঠি এসেছে।

বহু ক্যান্সার আক্রান্তকেও ভোটের  ডিউটির চিঠি, নাম কাটাতে আবেদন
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কেউ ক্যান্সার আক্রান্ত, কারো সন্তান আবার বিশেষ চাহিদাসম্পন্ন। এমন অনেক মহিলা ও পুরুষ সরকারি কর্মীর কাছে ভোটের ডিউটির চিঠি এসেছে। তাঁদের ট্রেনিংও নিতে বলা হয়েছে। কিন্তু সেই কাজ থেকে অব্যাহতি চেয়ে তাঁরা দরখাস্ত জমা দিচ্ছেন। দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে এরকম বিপুল সংখ্যক আবেদন ইতিমধ্যে জমা পড়েছে আলিপুরে। সূত্রের খবর, ২০০০-এর বেশি সরকারি কর্মী তাঁদের নানা সমস্যার জন্য ভোটের ডিউটি করতে চাইছেন না। সেজন্য আবেদনের পাহাড় জমছে জেলার সদর কার্যালয়ে।

Advertisement

এদিকে, ইতিমধ্যে প্রথম দফার ট্রেনিং প্রায় শেষ। উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ।  ্রশিক্ষণ না নেওয়া ভোটকর্মীদের শোকজ করা হয়েছে।। যাঁরা একদম মনস্থির করে রেখেছিলেন যে কোনোভাবেই ভোটের ডিউটি করবেন না, তাঁরাই মূলত ট্রেনিং নেননি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এমন অনেকেই প্রশিক্ষণের চিঠি পেয়েছেন যাঁরা অসুস্থ। বিশেষ করে এবার ক্যান্সার আক্রান্ত অনেকের নামেই এসেছে সেই চিঠি।  শারীরিক অসুস্থতার কারণে তাঁদের পক্ষে ভোটের কাজ করা সম্ভব নয় বলে আবেদন জানানো হয়েছে। রোজই পাঁচটা দশটা করে এমন দরখাস্ত আসছে বলে খবর। কারো স্টেজ ওয়ান, কেউ স্টেজ থ্রি ক্যান্সারে আক্রান্ত। এর মধ্যে অনেক মহিলা সরকারি কর্মীও ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়েছেন। ওই মহিলাদের মধ্যে অনেকেই জানান, তাঁদের সন্তান অটিস্টিক। দেখাশোনার কেউ নেই। এছাড়াও অন্যান্য শারীরিক সমস্যার কথাও কেউ কেউ জানিয়েছেন। যাঁরা অব্যাহতি চাইছেন, তাঁরা মেডিকেল রিপোর্ট সহ যাবতীয় নথি জমা দিচ্ছেন। জেলার এক শীর্ষ আধিকারিক বলেন, যাঁরা শারীরিক কারণে ভোটের ডিউটি থেকে নাম বাদ দেওয়ার আবেদন করছেন, তাঁদের মেডিকেল পরীক্ষা করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া সিস্টেম ডেটাবেসে যত ভোটকর্মীর নাম ছিল, সবার নামেই চিঠি দেওয়া হয়েছে। কার কী সমস্যা আছে, আগে থেকে তা আলাদা করে জানা সম্ভব ছিল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ