Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিন দুয়েকের বৃষ্টিতেই জলমগ্ন লিলুয়ার বহু এলাকা, অবরোধ

গত দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে লিলুয়ার বেশ কিছু এলাকা।

দিন দুয়েকের বৃষ্টিতেই জলমগ্ন  লিলুয়ার বহু এলাকা, অবরোধ
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গত দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে লিলুয়ার বেশ কিছু এলাকা। বালি পুরসভা দীর্ঘদিন ধরে নিকাশিনালা পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতিবাদে মঙ্গলবার মীরপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে লিলুয়া থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে।

Advertisement

জানা গিয়েছে, গত রবি ও সোমবারের বৃষ্টিতে লিলুয়ার মীরপাড়া, ভট্টনগর, পটুয়াপাড়া সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়। আবর্জনার স্তূপে ঢেকে রয়েছে নিকাশিনালা। বৃষ্টির জল বেরতে না পেরে তা ঘুরপথে ঢুকছে গৃহস্থের ঘরে। নর্দমার পাঁক মেশা কালো কুচকুচে জলে কয়েকগুণ ভোগান্তি বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, গত দু’দিনে বাড়ি থেকে বেরনোই একপ্রকার দায় হয়ে উঠেছে। লিলুয়ার বহু এলাকা নিচু হওয়ার কারণে সেখানে একতলার ঘর, রান্নাঘরে বইছে নোংরা জলের স্রোত। বাড়ছে রোগ সংক্রমণের আশঙ্কা। সামান্য বৃষ্টিতে কেন এই দুর্দশা? স্থানীয় বাসিন্দাদের কথায়, গত কয়েক মাসে একবারও নিকাশিনালা পরিষ্কারের কাজ হয়নি। পাড়ার ভিতরে ছোট নর্দমাগুলি তো দূর, বড় রাস্তার পাশে থাকা হাইড্র্যান্টগুলিও পরিষ্কার হয় না। প্লাস্টিক বর্জ্য জমতে জমতে নিকাশিনালার জল ধারণ ক্ষমতা একেবারে কমে গিয়েছে।
মীরপাড়ার বাসিন্দা জয়ন্ত দাস, সমর মিত্র, পূর্বাশা মিত্ররা বলেন, ‘নিকাশিনালা পরিষ্কারের জন্য বালি পুরসভায় বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কে কার কথা শোনে! সামান্য বৃষ্টিতেই এই অবস্থা। এরপরও নালা পরিষ্কার না হলে ভরা বর্ষায় এলাকাছাড়া হতে হবে।’ এদিন দুপুরে মীরপাড়া এলাকায় পথ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে আসেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। এরপর লিলুয়া থানার পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বালি পুরসভার তরফে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ