Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভেদাভেদ নয়, স্বাধীনতা দিবসে সকলকে নিয়ে লড়াইয়ের বার্তা মমতার, যুব কল্যাণ ও ক্রীড়ায় বাজেট বৃদ্ধি ৬.৬ গুণ

৭৯তম স্বাধীনতা দিবসের দিনে সমাজের সকলকে এক সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি লেখেন, ‘আমাদের এই মহান মাতৃভূমির স্বাধীনতা একদিনে আসেনি

ভেদাভেদ নয়, স্বাধীনতা দিবসে সকলকে নিয়ে লড়াইয়ের বার্তা মমতার, যুব কল্যাণ ও ক্রীড়ায় বাজেট বৃদ্ধি ৬.৬ গুণ
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৭৯তম স্বাধীনতা দিবসের দিনে সমাজের সকলকে এক সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তিনি লেখেন, ‘আমাদের এই মহান মাতৃভূমির স্বাধীনতা একদিনে আসেনি। দীর্ঘদিনের নিঃস্বার্থ লড়াই, অগণিত বীর মানুষের আত্মত্যাগ এবং জাতি-ধর্ম-বর্ণ-বর্গ নির্বিশেষে সকলের নিরলস সাধনার পর কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি।’সেই সঙ্গে সকল দেশনায়ককে প্রণাম জানিয়ে তিনি ভেদাভেদহীন সমাজের বার্তা দিয়ে লেখেন, ‘সমাজের সকলকে নিয়ে বাঁচব, চলব, লড়ব। স্বাধীনতা দিবসের এই মাহেন্দ্রক্ষণে এটাই আমাদের প্রতিজ্ঞা।’ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানিয়ে মমতা লেখেন, ‘এই বাংলাই সেদিন বিদেশি শক্তির বিরুদ্ধে, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। লড়াই আমাদের রক্তে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি।’ শুক্রবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। সেনা ও পুলিশ বাহিনীর কুচকাওয়াজ ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের জনমুখী কর্মসূচিগুলিকে নিয়ে তৈরি ট্যাবলো সেজে ওঠে রেড রোড। বিকেলে রাজভবনে রাজ্যপাল আহুত চা-চক্রেও যোগ দেন মমতা। শনিবার,  রাজ্যজুড়ে পালিত হয়েছে  ‘খেলা হবে দিবস’। এই উপলক্ষে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন, তাঁর সরকারের আমলে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের বাজেট বরাদ্দ ৬.৬ গুণ বৃদ্ধি পেয়েছে। তিনি লেখেন, ‘এই ক্ষেত্রে ২০১১ সালের ১২৬ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ সালে হয়েছে ৮৪০ কোটি টাকা।’ সেই সঙ্গে ৫৮টি স্টেডিয়াম, ৪২টি যুব হোস্টেল, ৫টি ইন্ডোর স্টেডিয়াম, ৭৯৫টি মিনি-ইন্ডোর স্টেডিয়াম, ৪ হাজারেরও বেশি মাল্টি-জিম, ৬টি সুইমিং পুল, ৪২৩টি খেলার মাঠ এবং ৮টি স্পোর্টস আকাদেমি শুরু করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ