সুব্রত ধর, ফুলবাড়ি: কেন্দ্রীয় বঞ্চনার বহর ক্রমেই বাড়ছে বাংলায়। ইতিমধ্যে বকেয়া ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা চেয়ে বারবার দরবার করলেও, ‘বিরোধী’ বাংলাকে ‘ল্যাজে খেলাচ্ছে’ দিল্লি। উল্টে একের পর এক অজুহাত খাড়া করে বন্ধ করা হচ্ছে কেন্দ্রীয় অনুদান। বিস্তর শর্ত চাপিয়ে, একের পর এক কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠিয়েও ‘কুপোকাত’ করা যাচ্ছে না পূর্ব ভারতের এই রাজ্যকে। অনমনীয় মনোভাবে নিজস্ব রাজস্ব ভাণ্ডার থেকেই রাজ্যের মানুষের জন্য সামাজিক সুরক্ষার যাবতীয় প্রকল্প চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনার এই আবর্তেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ১২ লক্ষ গ্রাহককে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু করলেন তিনি। উত্তরবঙ্গ সফরপর্বে এদিন ফুলবাড়ি হেলিপ্যাড ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এর সূচনা হয়। আর্থিক সহায়তা প্রদানে উচ্ছ্বসিত মমতা ‘এক্স হ্যান্ডেলে’ নিজের উপলব্ধি ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। লিখেছেন, ‘এটা অত্যন্ত গর্বের যে, রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্পে ১২ লক্ষ গরিব যোগ্য পরিবারকে দু’কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে। এ বাবদ প্রথম কিস্তির মোট ৭ হাজার ২০০ কোটি টাকা গত ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল। আজ, দ্বিতীয় কিস্তির আরও ৭ হাজার ২০০ কোটি টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হল।’



