Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বাগডোগরার পথে চা বাগানে হাজির মমতা, শ্রমিকদের সঙ্গে বললেন কথা

তিনদিনের উত্তরবঙ্গ সফর শেষে বিমান ধরার আগে বুধবার বাগডোগরায় চা শ্রমিকদের মনজয় করে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাগডোগরার পথে চা বাগানে হাজির মমতা, শ্রমিকদের সঙ্গে বললেন কথা
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্যামল পাল, বাগডোগরা: তিনদিনের উত্তরবঙ্গ সফর শেষে বিমান ধরার আগে বুধবার বাগডোগরায় চা শ্রমিকদের মনজয় করে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের শাড়ি, পাঞ্জাবি, চকোলেট উপহার দেন তিনি। 

Advertisement

গত ১৯ তারিখ উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠক করে বুধবার দুপুরে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরে যান। দুপুরে বিমানবন্দর সংলগ্ন বাগডোগরা চা বাগানের শ্রমিকরা বাগানে পাতা তুলছিলেন। শ্রমিকদের দেখে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। এরপর গাড়ি থেকে নেমে শ্রমিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। কাজের সময়, মজুরি সহ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের কাছ থেকে শোনেন মুখ্যমন্ত্রী। এরপর মহিলা শ্রমিকদের শাড়ি, পুরুষদের পাঞ্জাবি ও ছোটদের পড়াশোনার খাতা-পেন, চকোলেট, পুতুল উপহার দেন। 
বাগানে কাজ করার সময় শ্রমিকরা আচমকা মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে খুশিতে আপ্লুত হয়ে পড়েন। সবিতা নাগেশিয়া নামে এক শ্রমিক বলেন, বাগানে কাজ করছিলাম। হঠাৎ মুখ্যমন্ত্রীর গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে বাগানের সামনে। এরপর মুখ্যমন্ত্রী নিজে আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। আমাদের কাজে আসার সময়, ছুটির সময়, মজুরি কত পাই জানতে চান। এছাড়াও সকালে কী খেয়ে বাড়ি থেকে এসেছি তাও জিজ্ঞাসা করেছেন। এরপর আমাদের সকলকে শাড়ি, চকোলেট উপহার দেন। মুখ্যমন্ত্রীকে এতকাছে পেয়ে খুব খুশি আমরা। 
রীতা ওরাওঁ নামে আরএক শ্রমিক বলেন, মুখ্যমন্ত্রীকে টিভিতেই দেখেছিলাম। সামনে থেকে দেখতে পাব কখনও ভাবতে পারিনি। মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছেন, উপহারও দিয়েছেন। ভীষণ খুশি আমরা। আমাদের সন্তানদের জন্য চকোলেট, পুতুল উপহার দিয়ে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ