


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনে ইভিএম কারচুপির আশঙ্কা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভিনরাজ্য থেকে গুন্ডা-মস্তান এনে রাজ্যে হাঙ্গামা পাকানোর শঙ্কাও রয়েছে তাঁর। আর এসবই যে বিজেপির পরিকল্পনা, তাও জানিয়েছেন তিনি। শুক্রবার কালীঘাটের বাসভবনে দলের নির্বাচনি ইস্তাহার প্রকাশ পর্বে মমতার অভিযোগ, অ্যাডজুডিকেশন বা বিচারাধীন থাকা লোকজনের তালিকা এদিন প্রকাশ করা হল না। মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায় একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হয়েছ। নাম বাদ দেওয়া হয়েছে হিন্দু উদ্বাস্তু, মতুয়া এবং রাজবংশীদেরও। কমিশনের এ কাজকে ধিক্কার জানাই। কমিশন থেকে বিচার ব্যবস্থা সর্বত্র কড়া নেড়েছি, এর প্রতিবাদে।
তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, বিজেপির নেতারা বলে বেড়াচ্ছিলেন, ভোটার তালিকা থেকে এক কোটি ২৫ লক্ষ নাম বাদ দেওয়া হবে। সেই পথেই চলছে কমিশন। আগেই ৫৮ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। এখন ৬০ লক্ষের ভাগ্য ঝুলে। নাম বাদ দেওয়ার চক্রান্ত অব্যাহত। তাঁর কথায়, আমার কাছে খবর এসেছে, এখনও পর্যন্ত বিচারধীন তালিকার ২২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ১০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। ২২ লক্ষ নিষ্পত্তি করতে ২০-২৫ দিন লাগল। ভোটের আগে সবটা হবে তো? এই পর্বেই মমতার আশঙ্কা, ওদের (বিজেপি) অনেক পরিকল্পনা! ইভিএম থেকে শুরু করে বাইরে থেকে মস্তান এনে হাঙ্গামা পাকানো। ভোট লুটের ছক! সব কা সাথ, সব কা বিকাশ নয়, সব কা বিনাশ! প্রত্যয়ী তৃণমূল সুপ্রিমোর কথায়, অবশ্য চিন্তার কোনো কারণ নেই। সব চক্রান্ত ব্যর্থ হবে। দেখা হবে লড়াইয়ের ময়দানে।