Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিশিগঞ্জের দীপ্তি সংঘে মদনমোহনবাড়ি, নেতাজি স্পোর্টিংয়ের থিম হারানো শৈশব

মাথাভাঙা শহরের সঙ্গেই এবার বিগ বাজেটের পুজোতে নজর কাড়বে মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ। এখানকার মদনমোহন বাড়ির শতবর্ষ প্রাচীন দুর্গাপুজোর পাশাপাশি একাধিক ক্লাবে হচ্ছে থিম পুজো।

নিশিগঞ্জের দীপ্তি সংঘে মদনমোহনবাড়ি, নেতাজি স্পোর্টিংয়ের থিম হারানো শৈশব
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

সন্দীপ  বর্মন, মাথাভাঙা: মাথাভাঙা শহরের সঙ্গেই এবার বিগ বাজেটের পুজোতে নজর কাড়বে মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ। এখানকার মদনমোহন বাড়ির শতবর্ষ প্রাচীন দুর্গাপুজোর পাশাপাশি একাধিক ক্লাবে হচ্ছে থিম পুজো। প্রতিবছর বিগ বাজেটের পুজো করে নিশিগঞ্জ দীপ্তি সংঘ, নেতাজি স্পোর্টিং ক্লাব, নিশিগঞ্জ ক্লাব সহ বেশ কয়েকটি পুজো কমিটি। নিশিগঞ্জ দীপ্তি সংঘের থিম কোচবিহার মদন মোহনবাড়ি, নেতাজি স্পোর্টিং ক্লাবের থিম হারানো শৈশব। উদ্যোক্তাদের দাবি, পুজোর দিনগুলিতে মণ্ডপসজ্জা ও প্রতিমা দেখতে ভিড় উপচে পড়বে দর্শনার্থীদের। 

Advertisement

মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ বড় বাজারে ব্লকের মানুষ ছাড়াও পাশ্ববর্তী কোচবিহার-১ ব্লকের একটি বড় অংশের মানুষ কৃষিপণ্য বিক্রির জন্য আসে। অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ এই বাজার ও পাশ্ববর্তী এলাকা মিলিয়ে প্রায় ৩০টি পুজো হয়। বাজার চত্বরে ছোটবড় মিলিয়ে পুজো হয় ২০টি। এরমধ্যে বেশ কয়েকটি পুজো বরাবরই বিগ বাজেটের। মাথাভাঙা ও কোচবিহার শহরের পুজোকে টেক্কা দিতে প্রস্তুত ক্লাবগুলি। দীপ্তি সংঘের এ বছরের থিম হেরিটেজ কোচবিহারের মদনমোহন বাড়ি। বাঁশ, থার্মোকল, প্লাইউড দিয়ে হুবহু কোচবিহার মদনমোহনবাড়ি তুলে ধরা হচ্ছে। কোচবিহার কুমোরটুলির মৃৎশিল্পী তৈরি করছেন সাবেকিয়ানার দুর্গা প্রতিমা। পুজো উদ্যোক্তাদের দাবি, তাঁদের পুজো মণ্ডপ থেকে প্রতিমা নজর কাড়বে সকলের। দীপ্তি সংঘের অন্যতম কর্মকর্তা লিটন দে বলেন, আমরা বরাবর ভিন্ন ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করি মণ্ডপ, আলোকসজ্জ ও প্রতিমায়। এ বছরও থাকছে হেরিটেজ কোচবিহারের মদনমোহনবাড়ি। আমরা আশা করছি, মানুষ এই মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় করবে। 
অপরদিকে, নেতাজি স্পোর্টিং ক্লাবের থিম হারানো শৈশব। আয়োজকরা জানিয়েছেন, বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। শৈশব কেটে যাচ্ছে মোবাইলের গেম খেলে, রিলস দেখে। তাই শিশুদের খেলনা, পুতুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। থাকছে প্লাইউড দিয়ে কারুকার্য। একইসঙ্গে কোচবিহারের মৃৎশিল্পীর প্রতিমাও নজর কাড়বে সবার। ক্লাবের অন্যতম কর্মকর্তা প্রীতম মালাকার বলেন, আমরা যে শৈশব কাটিয়েছি, এখনকার বাচ্চারা সেটা জানেই না। মোবাইলের নেশায় তাদের শৈশব হারিয়ে যাচ্ছে। এই ভাবনাই মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আমাদের প্রত্যাশা, অভিনব মণ্ডপসজ্জা দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ