Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত সেঞ্চুরিতে টেস্টের প্রস্তুতি সারলেন লোকেশ

ভারতীয় এ দলের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স লোকেশ রাহুলের। শুক্রবার নর্থহ্যাম্পটনে ইংল্যান্ডের লায়ন্সের বিরুদ্ধে শতরান হাঁকালেন তারকা ব্যাটার।

দুরন্ত সেঞ্চুরিতে টেস্টের প্রস্তুতি সারলেন লোকেশ
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নর্থহ্যাম্পটন: ভারতীয় এ দলের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স লোকেশ রাহুলের। শুক্রবার নর্থহ্যাম্পটনে ইংল্যান্ডের লায়ন্সের বিরুদ্ধে শতরান হাঁকালেন তারকা ব্যাটার। সেই সুবাদে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় এ দলের সংগ্রহ ৬২ ওভারে ৫ উইকেটে ২৫৩। ওপেন করতে নেমে অনবদ্য ১১৬ রানের ইনিংস উপহার দেন লোকেশ। তাঁকে যোগ্য সঙ্গ দেওয়ার পথে হাফ-সেঞ্চুরি করেন ধ্রুব জুরেল (৫২)।

Advertisement

বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর ভারতের সবচেয়ে সিনিয়র ব্যাটার লোকেশ রাহুল। তাই ইংল্যান্ড সফরে এই অভিজ্ঞ ব্যাটারের উপর ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করছে। বিলেতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেই ইংল্যান্ডে পৌছে যান লোকেশ। প্রথম ম্যাচে অবশ্য তিনি খেলেননি। তবে শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠল লোকেশের ব্যাট। উল্লেখ্য, এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড লায়ন্স। ভারতের হয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে এদিন ওপেন করতে নামেন লোকেশ রাহুল, যা বেশ ইঙ্গিতপূর্ণ। তাহলে কি ভারতীয় দলেও যশস্বীর সঙ্গে ওপেন করবেন তিনি? বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছেন। চার দিনের প্রস্তুতি ম্যাচে বেশ দৃঢ় দেখাল লোকেশকে। ১০২ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। অপর ওপেনার যশস্বীর ব্যাট থেকে অবশ্য ১৭ রানের বেশি আসেনি। তিনে নামা ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণও ফেরেন ব্যক্তিগত ১১ রানে। দু’টি উইকেটই নেন ক্রিস ওকস। উল্লেখ্য, এই তারকা পেসার ইংল্যান্ডের জাতীয় স্কোয়াডেও রয়েছেন। গত ম্যাচে দ্বিশতরান হাঁকানো করুণ নায়ার এদিনও ছন্দে ছিলেন। তবে অর্ধশতরান থেকে ১০ রান দূরে তাঁর ইনিংসে যবনিকা টানেন সেই ওকস। চতুর্থ উইকেটে ধ্রুব জুরেল দারুণ সঙ্গ দেন রাহুলকে।
‘এ’ দলের হয়ে অবশ্য ভরসা জোগাতে ব্যর্থ বাংলার অভিমন্যু ঈশ্বরণ। প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ছন্দে ফেরার ইঙ্গিত দেন। দ্বিতীয় ম্যাচেও তাঁর দিকে নজর ছিল। তবে অধিনায়ক হয়েও ব্যাট হাতে তাঁর খারাপ ফর্ম অব্যাহত (১১)। চারদিনের ম্যাচের ব্যর্থতা কঠিন করে দিল আসন্ন টেস্ট সিরিজে তাঁর দলে ঢোকার পথ।

Advertisement
সম্পর্কিত সংবাদ