নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের অভিযোগে এক বাংলাদেশি মহিলাকে আটক করল বিএসএফ। তাঁর কাছ থেকে ৮ লক্ষ ৮২ হাজার ৯৬৬ টাকা মূল্যের সোনা উদ্ধার হয়েছে। ওই সোনা শুল্কদপ্তরের হাতে হস্তান্তরের পাশাপাশি অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ।
Advertisement
সূত্রের খবর, মঙ্গলবার সকালে পেট্রাপোল স্থল বন্দরের যাত্রী টার্মিনালে বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীদের তল্লাশি করছিলেন ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এক মহিলা যাত্রীকে দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতেই জওয়ানরা কব্জিতে ধাতব বস্তুর উপস্থিতি বুঝতে পারেন। জেরায় অভিযুক্ত দাবি করেন, সোনার চুড়িগুলি স্বামীর উপহার। কিন্তু আরও জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন তিনি। তল্লাশিতে উদ্ধার হয় সোনার চুড়ি। জিজ্ঞাসাবাদে তিনি সোনার সঙ্গে সম্পর্কিত কোনও নথি দেখাতে পারেনি। বিএসএফের দাবি, বাংলাদেশ থেকে সোনা পাচার করতেই ওই মহিলা ভারতে আসেন। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১০৩ গ্রাম। ধৃতের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। চিকিৎসার নাম করে তিনি কলকাতায় আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে বিএসএফ। -নিজস্ব চিত্র



