Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৫০ লক্ষের পুরনো সামগ্রী ১৫ লক্ষে বিক্রির অভিযোগ

৫০ লক্ষের পুরনো সামগ্রী ১৫ লক্ষে বিক্রির অভিযোগ
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ চত্বর ও গোডাউনে পড়ে থাকা পুরনো লোহা-লক্কর বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠল। এই অভিযোগ তুলেছেন খোদ জেলা পরিষদের তৃণমূলের সদস্যরাই। তাঁদের অভিযোগ, জেলা পরিষদ চত্বর সহ পরিষদের একাধিক গোডাউনে পুরনো গাড়ি, রোলার, লোহার সামগ্রী মাত্র ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়। যার মূল্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। জেলা পরিষদের সদস্যদের অভিযোগ, চুপিসারে কাউকে না জানিয়ে টেন্ডার ডাকা হয়েছে। তাঁদের দাবি, যে পরিমাণ পুরনো জিনিস বেচে দেওয়া হচ্ছে তার দাম কোনওভাবেই ১৫ লক্ষ টাকা হয় না।  ফোন না তোলায় এবিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহার। সহ সভাধিপতি অম্বরিশ সরকার বলেন, এই বিষয়ে শুনেছি। তবে টেন্ডার নিয়ে আমাদের কিছু জানানো হয়নি।
Advertisement
যদিও পুরো টেন্ডার প্রক্রিয়া আইন মেনে করা হয়েছে বলে দাবি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলামের। তিনি বলেন, অনিয়মের কোনও ব্যাপার নেই।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ভিতরে কয়েকটি গোডাউন রয়েছে। জেলা পরিষদ চত্বরে ছিল রোলার সহ পুরনো গাড়ি। গোডাউনে ছিল রড সহ লোহার আরও অনেক সামগ্রী। সেই সামগ্রী বিক্রির আগে জেলা পরিষদের তৃণমূলের সমস্ত সদস্যকে কেন জানানো হয়নি, সেই প্রশ্ন উঠেছে। প্রায় পঞ্চাশ লক্ষের সামগ্রী মাত্র ১৫ লক্ষে কেন দিয়ে দেওয়া হল, তা নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের সদস্যরাই। পূর্ত কর্মাধ্যক্ষের মন্তব্যেও সন্তুষ্ট নন জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার। তাঁর বক্তব্য, যে পরিমাণ লোহা গোডাউন থেকে বের হচ্ছে, তাতে ৫০ লক্ষের বেশি হবে। আমাদের না জানিয়ে টেন্ডার ডেকে পুরনো লোহা বিক্রি করে দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করা দরকার।
সম্পর্কিত সংবাদ