সংবাদদাতা, তুফানগঞ্জ: মাদক কারবার রুখতে বড়সড় সাফল্য পেল তুফানগঞ্জ থানার পুলিস। রবিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকার বাসিন্দা হামিদুল হকের বাড়িতে হানা দিয়ে পুলিস ২৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ লক্ষ ৮৮ হাজার টাকা, তিনটি ধারালো অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, অসম থেকে বাংলায় মাদক কারবার চালাত হামিদুল। অভিযানে গিয়ে প্রথমে অভিযুক্তর পরিবারের বাধার মুখে পড়তে হয় পুলিসকে। পরবর্তীতে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও পুলিস পৌঁছনোর আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় মূল অভিযুক্ত। রবিবার রাতে এব্যাপারে তুফানগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মীনা। এছাড়াও ছিলেন মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার, সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় দাস। অতিরিক্ত পুলিস সুপার বলেন, বাড়িটিকে আপাতত সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।



