সংবাদদাতা, ঘাটাল: ‘বেশি বই কিনলেই পুরস্কৃত করা হবে’ এই বার্তায় উৎসাহিত হয়ে শেষ দিনে ঘাটালের বই কেনার হিড়িক পড়ল জেলা বইমেলায়। সোমবার মেলার শেষ দিনেই বেশ কয়েক লক্ষ টাকার বই কেনা হয়েছে বলে কমিটি সূত্রে দাবি করা হয়েছে। এক একটি প্রতিষ্ঠান পাঁচ হাজার থেকে প্রায় দু’লক্ষ টাকার বই কিনেছে। মেলায় বই কেনার আগ্রহ দেখে খুশি প্রশাসন। ঘাটালের মহকুমা শাসক তথা বইমেলার সহকারি সভাপতি সুমন বিশ্বাস বলেন, মেলার শেষ দিনে রাত সাড়ে ৯টা পর্যন্ত উৎসাহী মানুষদের বই কিনতে দেখা গিয়েছে। এবারের বইমেলায় বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে। জেলা গ্রন্থাগার দপ্তর সূত্রে জানানো হয়েছে, ঘাটালের বইমেলা ৭৫ লক্ষের টার্গেট ছিল। এবারে বই বিক্রি হয়েছে মাত্র ৩৯ লক্ষ আট হাজার ৮৪৯ টাকার।



