সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া থেকে বিহার যাওয়ার পথে ফের মাঝরাস্তায় উধাও হয়ে গেল ৪৪ লক্ষ টাকার ভোজ্য তেল বোঝাই ট্রাক। হলদিয়া থেকে যাত্রা শুরুর দু’ সপ্তাহ পরও নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছনোয় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে পণ্য সরবরাহকারী ট্রান্সপোর্ট সংস্থা। পুলিস সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার আদানি উইলমার কারখানা থেকে ওই ট্রাকটি গত ২৮ জানুয়ারি রওনা দিয়েছিল। সুরাত গুডস ট্রান্সপোর্ট নামে একটি ট্রান্সপোর্ট সংস্থা আদানি উইলমারের হলদিয়া প্ল্যান্ট থেকে বিহারের মজফফরপুর প্ল্যান্টে পণ্য পাঠানোর দায়িত্ব পেয়েছিল। তারা এক দালালের মাধ্যমে ১২ চাকার ট্রাক ভাড়া করে। ওই গাড়িতে সোয়াবিন তেলের ২২০০ পাউচের কার্টুন বোঝাই করা হয়। এর মূল্য ছিল ৪৪ লক্ষ ১৪ হাজার টাকা। গত বছর পুজোর আগে এবং পরে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পর পর দু’টি ট্রাক ওই কারখানা থেকে পণ্য ভিন জেলায় নিয়ে যাওয়ার পথে উধাও হয়ে গিয়েছিল। দু›টি গাড়িই শিলিগুড়ি যাচ্ছিল। ওই সময়ে দু›টি গাড়িতে থাকা ৫০ লক্ষ টাকার সোয়াবিন অয়েল সমেত গাড়ি হাইজ্যাক হওয়ার অভিযোগ উঠেছিল। তার ঠিক পর নভেম্বর মাসে আদানির পাশের ইমামি অ্যাগ্রোটেক কারখানা থেকে একইভাবে মহারাষ্ট্রের পুনে যাওয়ার পথে উধাও হয়ে যায় ট্রাক। পুলিস সূত্রে জানা গিয়েছে, পুজোর পর পেট্রপণ্য এবং ভোজ্যতেল মিলিয়ে ৪টি গাড়ি ডিসেম্বর পর্যন্ত হলদিয়া থেকে যাওয়ার সময় মাঝপথে উধাও হয়েছে। গত বছর জুন মাসেই পর পর তিন সপ্তাহে গোকুল রিফয়েলস, পতঞ্জলি ফুড প্রোডাক্টস এবং আদানি— তিনটি কারখানা থেকে প্রায় ৭৫ লক্ষ টাকার ভোজ্য তেলের ট্রাক গায়েব হওয়ার অভিযোগ উঠেছিল। ওই বছর আগস্ট মাসেও পর পর দু›টি গাড়ি ৪৫ লক্ষ টাকার ভোজ্য তেল নিয়ে উধাও হয়ে যায়। গত বছর হলদিয়া থেকে শুধু ১০টি ভোজ্য তেলের গাড়ি মাঝপথে হাইজ্যাক হয়েছে। আড়াই থেকে তিন কোটি টাকার তেল গায়েব হয়ে গিয়েছে। দু›-একটি ক্ষেত্রে পুলিস ভিন জেলা থেকে তেল উদ্ধার করলেও বাকি তেলের কোনও হদিশ করতে পারেনি। এবার নতুন বছরের শুরুতেই ফের হলদিয়া থেকে গাড়ি উধাও হওয়ার ঘটনায় উদ্বিগ্ন শিল্পমহল ও ট্রান্সপোর্টাররা। পুলিস জানিয়েছে, ওই গাড়িটির চারদিন সময় লাগার কথা গন্তব্যে পৌঁছতে। সেখানে দু› সপ্তাহ পরও গাড়িটির টিকি মেলেনি। ড্রাইভার ও ব্রোকারের ফোন সুইচড অফ। তদন্তকারী পুলিস আধিকারিকরা জানিয়েছেন, হলদিয়া ও হাওড়ায় ট্রাক সরবরাহকারী একটি দালাল চক্র দিনের পর দিন এই ঘটনা ঘটাচ্ছে। ট্রাকের নম্বর প্লেট পাল্টে তারা ট্রাক ছিনতাই করে পণ্য উধাও করে দিচ্ছে। ভোজ্যতেলের বিভিন্ন ট্রান্সপোর্ট সংস্থা যখন দালালদের কাছ থেকে ট্রাক ভাড়ায় নেয়, তখন ঠিকমতো যাচাই না করলেই বিপদ ঘটছে। প্রতি মাসেই প্রায় ট্রাক উধাও হচ্ছে। চোরাই তেলের চক্র রয়েছে বিভিন্ন জেলায়।



