Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত, শিলিগুড়ি আদালতে ‘ভোলবদল’ শাশুড়ির, জামিনে মুক্ত হবু জামাই

১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত, শিলিগুড়ি আদালতে ‘ভোলবদল’ শাশুড়ির, জামিনে মুক্ত হবু জামাই
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গায়েব ১৬ লক্ষ টাকা! তাই ‘হবু’ জামাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিসের দ্বারস্থ হন শাশুড়ি। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে সেই বিবাদ নিয়ে আপসে মীমাংসা করা হয়েছে বলে আদালতে দাঁড়িয়ে জানান শাশুড়ি। এজন্যই মামলায় জামিন পান গুণধর হবু জামাই। রবিবার এমন ঘটনা ঘটে শিলিগুড়ি আদালতে। শাশুড়ির এমন ‘ভোলবদল’ নিয়ে আদালত চত্বরে শোরগোল পড়ে যায়। শিলিগুড়ি শহরের পাতিকলোনিতে ওই মহিলার বাড়ি। গত ১৯ ডিসেম্বর তিনি হবু জামাইয়ের বিরুদ্ধে মাটিগাড়া থানায় প্রতারণার অভিযোগ করেন। ঘটনার তদন্তে নেমে শনিবার রাতে অভিযুক্তকে পাকড়াও করে মাটিগাড়া থানার পুলিস। অভিযুক্তের নাম দেবাশিস বিশ্বাস। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে পাতিকলোনির মহিলার পরিচয় হয়। এরপর মহিলার বাড়িতে যাতায়াত শুরু করেন ওই যুবক। তিনি মহিলার বড় মেয়েকে বিয়ে করার এবং ছোট মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এজন্যই সেই যুবককে ছেলের মতো স্নেহ করতেন মহিলা। তিনি বিশ্বাস করে সেই যুবককে কয়েক ধাপে প্রায় ১৬ লক্ষ টাকা দেন বলে অভিযোগ। কখনও ব্যবসায় খাটানোর নাম করে টাকা নেন। আবার কখনও ছোট মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেন। সেই অর্থ ফেরত না দেওয়ায় হবু জামাইয়ের সঙ্গে বিরোধ বাধে মহিলার। তিনি এজন্যই হবু জামাইয়ের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ করেন। 
মাটিগাড়া থানার পুলিস জানিয়েছে, বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে শনিবার রাতে অভিযুক্ত দেবাশিসকে শিলিগুড়ি শহর থেকে গ্রেপ্তার করা হয়। ধৃত পেশায় ব্যবসায়ী। জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকায় বাড়ি। 
রবিবার শিলিগুড়ির এসিজেএম আদালতে তোলা হয়। আদালত সূত্রে খবর, এজেলাসে হাজির হন ওই মহিলা। তিনি ভরা এজেলাসে দাঁড়িয়ে জানান, তাঁর সঙ্গে অভিযুক্তের বিবাদ মিটে গিয়েছে। মামলার সরকার পক্ষের আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, ধৃতের সঙ্গে বিরোধ মিটে গিয়েছে বলে অভিযোগকারী জানান। এজন্যই ধৃতের জামিন মঞ্জুর করেছে আদালত। 
ধৃতের আইনজীবী দেবাশিস সিং বলেন, কয়েকদিন আগেই মক্কেলের সঙ্গে আলোচনায় বসেন ওই মহিলা। উভয়পক্ষ আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিয়েছে। 
এদিকে, গুণধর ওই হবু জামাইয়ের বিরুদ্ধে প্রতারণার আরএকটি মামলা হয়েছে শিলিগুড়ি থানায়। এদিন সরকার পক্ষের আইনজীবী সংশ্লিষ্ট মামলায় ধৃতের জামিনের আবেদনের বিরোধিতা করেন। কিন্তু পুলিস মামলার সপক্ষে উপযুক্ত তথ্য দাখিল করতে না পারায় আদালত ধৃতের জামিন মঞ্জুর করেছে।
সম্পর্কিত সংবাদ