সংবাদদাতা, রঘুনাথপুর: ৬০ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে রঘুনাথপুর পুরসভার তিনটি প্রাথমিক বিদ্যালয় ঢেলে সাজার কাজ শুরু হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে একটি করে অতিরিক্ত শ্রেণিকক্ষ, ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, ডাইনিং হল উইথ কিচেন শেড তৈরি হচ্ছে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভার সূত্রে জানা গিয়েছে, শিক্ষাদপ্তরের অর্থে ৯ নম্বর ওয়ার্ডের বেনিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, ১০ নম্বর ওয়ার্ডের নান্দুয়াড়া পাথর পুকুর প্রাথমিক বিদ্যালয় এবং ১২ নম্বর ওয়ার্ডের বাঁকড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়গুলিতে কাজ হচ্ছে। বর্তমানে বিদ্যালয়গুলিতে শ্রেণিকক্ষের অভাব দেখা দিয়েছে। পাশাপাশি মিড ডে মিল রান্না করা এবং বাচ্চাদের খাওয়ানোর জন্য আলাদা জায়গা নেই। অন্যদিকে টয়লেট ঠিকঠাক না থাকায় ছাত্রছাত্রীদের অসুবিধায় পড়তে হয়। অসুবিধার কথা শিক্ষাদপ্তরে জানানো হলে বিদ্যালয়গুলিতে কাজ করার জন্য টাকা অনুমোদন করা হয়েছে। পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি সূত্র থেকে জানা গিয়েছে, প্রত্যেকটি বিদ্যালয়ে প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা ভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে ২০ লক্ষ ১০ হাজার টাকার কাজ হচ্ছে। অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে ১১ লক্ষ ৫০ হাজার টাকা, ডাইনিং হল উইথ কিচেন শেডের জন্য ৬ লক্ষ ২০ হাজার টাকা, এবং টয়লেটের জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, তিনটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ শুরু হয়েছে। পুরসভার আরও কয়েকটি বিদ্যালয়ে কিছু সমস্যা রয়েছে। আগামী দিন সেগুলিও সমাধানের চেষ্টা করা হবে।



