Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৩০ লক্ষ বরাদ্দে কান্দির সাতটি খেলার মাঠ সংস্কারের উদ্যোগ

৩০ লক্ষ বরাদ্দে কান্দির সাতটি খেলার মাঠ সংস্কারের উদ্যোগ
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: খেলার মাঠগুলিতে অবাধ বিচরণ। কখনও গোরু মোষের দল নেমে মাঠ নষ্ট করছে। আবার কখনও খেলার মাঠেই খড়ের পালুই দিয়ে পরিধি কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরেই কান্দি ব্লকের বিভিন্ন গ্রামের যুবকরা এনিয়ে সরব হয়েছেন। এবার কান্দি ব্লকের এমনই সাতটি খেলার মাঠ সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। খুব তাড়াতাড়ি এর টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে। 
Advertisement
কান্দি পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কান্দির বিধায়ক অপূর্ব সরকার তাঁর বিধায়ক উন্নয়ন তহবলি থেকে এলাকার সাতটি খেলার মাঠের সংস্কারের জন্য প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। কান্দি ব্লকের আমিত্যা, হাজারপুর, সাওতাপাড়া, মারুরা, রামেশ্বরপুর ও হিজল এলাকার দু’টি খেলার মাঠ সংস্কার হতে চলেছে। প্রতিটি মাঠ সংস্কার পিছু সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ওই সকল খেলার মাঠের বাউন্ডারি ওয়াল দেওয়ার সাথে মাঠের সংস্কার করা হবে। কান্দি পঞ্চায়েত সমিতি এই কাজের তদারকি করবে।
কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার বলেন, কান্দির বিভিন্ন এলাকায় প্রচুর খেলার মাঠ রয়েছে। কিন্তু মাঠগুলি রক্ষণাবেক্ষণের অভাবে বেদখল হওয়ার মতন অবস্থায় দাঁড়াচ্ছে। কোথাও খেলার মাঠে গোরু চড়ছে। কোথাও আবার খড়ের পালুই দিয়ে মাঠ সংকীর্ণ করে দেওয়া হচ্ছে। ফলে গ্রামের যুবকরা খেলার মাঠেই খেলতেই পারছে না। সম্প্রতি এনিয়ে এলাকার যুবকরা তাঁদের অভিযোগের কথা আমাদের জানান। এরপর পঞ্চায়েত সমিতি বিধায়ককে গুরুত্ব বুঝিয়ে অর্থ বরাদ্দে রাজি করিয়েছে।
সাওতাপাড়া গ্রামের যুবক নির্মল ঘোষ, প্রলয় ঘোষ, শান্তনু ঘোষ প্রমুখ জানান, গ্রামের খেলার মাঠে প্রতিদিন গোরু নেমে এমন অবস্থা হয়েছে যে মাঠে হাঁটার উপায় নেই। গোরুর পায়ের চাপে মাঠের গোটাটাই খানাখন্দে ভরে গিয়েছে। খেলতে গেলে পা ভাঙার উপক্রম হতে পারে। যদিও মাঠ সংস্কারের অর্থ বরাদ্দে তাঁরা খুশি। কান্দির বিধায়ক বলেন, শুধু রাস্তাঘাট বা পানীয়জল নয়। খেলার মাঠের অবাধ বিচরণ বন্ধ করার প্রয়োজন। খেলার মাঠগুলিও সংরক্ষণের প্রয়োজন। এলাকার খেলার মাঠগুলিকে উপযোগী করে তোলার লক্ষ্যেই প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এনিয়ে জেলা প্রশাসন খুব তাড়াতাড়ি টেন্ডার প্রকাশিত করতে চলেছে।
সম্পর্কিত সংবাদ