Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হুইপ অমান্যকারী তৃণমূল বিধায়কদের তালিকা তৈরি

১৯ ও ২০ মার্চ হুইপ বা নির্দেশ দেওয়ার পরেও যে সমস্ত তৃণমূল বিধায়ক বিধানসভার অধিবেশনে আসেননি, তাঁদের তালিকা তৈরি করেছে তৃণমূল।

হুইপ অমান্যকারী তৃণমূল বিধায়কদের তালিকা তৈরি
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯ ও ২০ মার্চ হুইপ বা নির্দেশ দেওয়ার পরেও যে সমস্ত তৃণমূল বিধায়ক বিধানসভার অধিবেশনে আসেননি, তাঁদের তালিকা তৈরি করেছে তৃণমূল। ওই তালিকা নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে বৈঠকে বসবে বিধানসভা ভিত্তিক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। দলীয় সূত্রে খবর, অনুপস্থিত বিধায়কদের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করা হবে, কেন তাঁরা আসেননি। ওই বিধায়কদের সতর্ক করে বার্তা দেওয়া হবে বলে খবর। গত ১০-১৯ মার্চ বিধানসভায় দপ্তরওয়াড়ি বাজেট অধিবেশন হয়। ওই অধিবেশন পর্বে ১৯ ও ২০ তারিখ সকল বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দলীয় হুইপ অমান্য করার অভিযোগ উঠেছে ৫০ জনের মতো তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। 

Advertisement

সোমবার বিধানসভায় বৈঠক করেন তৃণমূলের বিধানসভা ভিত্তিক শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় এবং মুখ্য সচেতক নির্মল ঘোষ। হাজিরা খাতায় ১৯ ও ২০ তারিখ দলীয় বিধায়কদের উপস্থিতি মিলিয়ে দেখা হয়। তার ভিত্তিতে তৈরি করা হয়েছে তালিকা। সেটি নিয়ে ২৯ মার্চ একটি বৈঠকে বসার কথা তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটির। সেদিনই কমিটি সিদ্ধান্ত নেবে, দলের নির্দেশ লঙ্ঘনকারী বিধায়কদের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে। মনে করা হচ্ছে, ওই ৫০ জনকে ডেকে পাঠিয়ে জবাব চাওয়া হবে। এই দফায় সতর্কই করা হবে তাঁদের। আর এরপরও শুধরে না গেলে পরের বার তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে আরও বড় কোনও পদক্ষেপ করা হয় কি না, কমিটির বৈঠকের দিকেই নজর রাজনৈতিক মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ