Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রয়াত শিল্পপতি লর্ড স্বরাজ পল, শোকপ্রকাশ করলেন মোদি-মমতা

ইন্দো-ব্রিটিশ সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। প্রয়াত শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল। বৃহস্পতিবার লন্ডনের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

প্রয়াত শিল্পপতি লর্ড স্বরাজ পল, শোকপ্রকাশ করলেন মোদি-মমতা
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ইন্দো-ব্রিটিশ সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। প্রয়াত শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল। বৃহস্পতিবার লন্ডনের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৪। শিল্পপতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। লর্ড স্বরাজকে স্মরণ করে মোদির টুইট, ‘ব্রিটেনে শিল্প ও জনসেবার কাজে লর্ড স্বরাজের যথেষ্ট অবদান রয়েছে। পাশাপাশি ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক মজবুত করতে তাঁর অবদান ভোলার নয়।’ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় শিল্পপতির পরিবারকে সমবেদনা জানিয়েছেন। উল্লেখ করেছেন তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা। বাংলার উন্নতিতে লর্ডের সঙ্গে আলোচনার কথাও মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের ব্যবসায়িক সম্মেলনে উপস্থিত ছিলেন লর্ড স্বরাজ। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।   

Advertisement

১৯৩১ সালের ১৮ ফেব্রুয়ারি ব্রিটিশ শাসিত ভারতের জলন্ধর প্রদেশে জন্মগ্রহণ করেন লর্ড স্বরাজ। তাঁর নামকরণের সঙ্গে যোগ রয়েছে গান্ধীজির স্বরাজ আন্দোলনের। শোনা যায়, স্বরাজের জন্মের পরপরই সেখানে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। গান্ধীজির স্বরাজ আন্দোলনের প্রেক্ষিতেই ওই শিশুর নামকরণ করা হয় স্বরাজ। ভারতেই ছোটবেলা কেটেছে তাঁর। ১৯৬৮ সালে ব্রিটেনে ‘ক্যাপারো স্টিল এম্পায়ার’ গড়ে তোলেন। কয়েক বছরের মধ্যেই ইস্পাত ব্যবসার জগতে কার্যত সাম্রাজ্য গড়ে তোলে এই স্টিল কোম্পানি। ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডায় লর্ডের ব্যবসা সম্প্রসারিত হয়। শোনা যায়, ১৯৭৭ সালের নির্বাচনের হারের পর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়েছিলেন শিল্পপতি লর্ড। 
তবে ব্যক্তিগত জীবন মোটেও তেমন সুখের ছিল না তাঁর। মেয়ে অম্বিকার মৃত্যু তাঁর জীবনকে নতুন পথে নিয়ে যায়। এরপর ছেলে এবং স্ত্রীকেও হারান স্বরাজ। শিল্পপতি হওয়ার পাশাপাশি লর্ড ছিলেন জনসেবায় নিবেদিতপ্রাণ। উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে বিপুল দান করেছিলেন তিনি। এমআইটি-তেও দান করেছিলেন ‘স্বরাজ পল থিয়েটার’-এর জন্য। ১৯৮৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। জীবদ্দশায় তিনি ১৫টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক ডিগ্রি লাভ করেন।  ১৯৯৬ সালে ব্রিটেনের লেবার পার্টি তাঁকে লর্ড হিসেবে নিযুক্ত করে। যদিও পরবর্তীতে নির্দল হিসেবেই হাউস অফ লর্ডসে বসেন স্বরাজ। ইস্পাত ব্যবসা থেকে আন্তর্জাতিক কূটনীতি—লর্ড স্বরাজ পল ছিলেন প্রকৃতই ‘ম্যান অব স্টিল’। যাঁর অবদান যুগের পর যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ