Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জমির মালিকানা আগে তারপর উন্নয়ন, এসজেডিএ’র সঙ্গে বৈঠকে দাবি বিধান মার্কেটের ব্যবসায়ীদের

জমির মালিকানার দাবি থেকে পিছু হটলেন না বিধান মার্কেটের ব্যবসায়ীরা। শুক্রবার তাঁরা এসএজডিএ ও শিলিগুড়ি পুরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ফের জমির মালিকানার দাবি জানিয়েছেন।

জমির মালিকানা আগে তারপর উন্নয়ন, এসজেডিএ’র  সঙ্গে বৈঠকে দাবি বিধান মার্কেটের ব্যবসায়ীদের
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জমির মালিকানার দাবি থেকে পিছু হটলেন না বিধান মার্কেটের ব্যবসায়ীরা। শুক্রবার তাঁরা এসএজডিএ ও শিলিগুড়ি পুরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ফের জমির মালিকানার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চায়নি এসজেডিএ। তাদের বক্তব্য, বৈঠকে বাজারের সমস্যা মেটানো ও উন্নয়ন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এসএজডিএ’র চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েই বিধান মার্কেটের ব্যবসায়ীদের সমস্যা মেটানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন দিলীপ দুগার। সেই মতো এদিন বিকেলে এসজেডিএ কর্তৃপক্ষ মার্কেটে আসে। তারা ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকে চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আধিকারিকরা ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকের পর বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবব্রত সাহা বলেন, বাজারের উন্নয়ন সকলেই চান। কিন্তু সাড়ে ১৬শো অ্যালোটি ব্যবসায়ীকে আগে জমির মালিকানা দিতে হবে। তারপর যৌথভাবে বাজারের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। এসজেডিএ কর্তৃপক্ষের কাছে এই দাবি স্পষ্টভাবে জানানো হয়েছে। এসজেডিএ’র চেয়ারম্যান বলেন, দীর্ঘ দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে ব্যবসায়ীদের সমস্ত বক্তব্য শুনেছি। ইতিবাচক আলোচনা হয়েছে। বাজারের যাবতীয় সমস্যা মেটাতে আবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করব। 

Advertisement

প্রসঙ্গত, ১৯৬২ সালে বিধান মার্কেটের সূচনা হয়। সেই সময় বাজারে ৪৬২ জনকে দোকান দেওয়া হয়। পরবর্তীতে পুরসভা থেকে ১৬৫০ জনকে অ্যালোটি দেওয়া হয়। তাঁরা জমির মালিকানার দাবি তুলেছেন। ইতিমধ্যে তাঁরা এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্নস্তরে দাবিপত্র পাঠিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ