নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ১৫ কোটি টাকা খরচে বিভিন্ন প্রকল্পের রূপায়ণ করবে মোহবনী ডেভেলপমেন্ট অথরিটি। বৃহস্পতিবার জেলাশাসকের কার্যালয়ে মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির পঞ্চম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পঞ্চায়েত মন্ত্রী শিউলি সাহা, মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুর ব্লকের মোহবনী এলাকায় মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে ৯ কোটি টাকা খরচে নানা প্রকল্পের কাজ চলছে। এর ফলে উপকৃত হবে কেশপুর, গড়বেতা-৩ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ। এদিন বৈঠকে বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী অর্থবর্ষে ১৫ কোটি টাকা খরচে বাজার এলাকার উন্নয়ন, ফুটপাত সহ একাধিক কাজের পরিকল্পনা করা হয়েছে। পর্যটকদের কথা মাথায় রেখে একটি সার্কিট ট্যুরিজম তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।



