Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

১০ কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্পের কাজ শুরু বালুরঘাটে

১০ কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্পের কাজ শুরু বালুরঘাটে
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট পুরসভার বিগ বাজেটের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের পরিকাঠামো উন্নয়নে রাজ্য থেকে বরাদ্দ হয়েছে প্রায় ১০ কোটি টাকা। বুধবার লালমাটি এলাকায় ডাম্পিং গ্রাউন্ডের পরিকাঠামো উন্নয়নের কাজের সূচনা করল পুরসভা। ডাম্পিং গ্রাউন্ড, রাস্তা, ড্রেন, সিকিউরিটি ও অফিস রুম, ওয়েট-ড্রাই ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলা হবে। সেখানে অত্যাধুনিক মেশিন বসিয়ে পচনশীল ও অপচনশীল বর্জ্য থেকে নানা সামগ্রী তৈরি করে আয় করতে পারবে  পুরসভাও। 
Advertisement
পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে অত্যাধুনিক করার জন্য রাজ্যে প্রস্তাব পাঠিয়েছিলাম। প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ধন্যবাদ। পুরসভার ওই দপ্তরের এমসিআইসি মহেশ পারেখ বলেন, প্রথমে পরিকাঠামো উন্নয়ন করব। এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, লালমাটি এলাকায় পাহাড় সমান উঁচু বর্জ্য জমা হয়। যা থেকে আশেপাশের অঞ্চলে দুর্গন্ধ ছড়ায় বলে মাঝেমধ্যে অভিযোগ ওঠে। অন্যদিকে, ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট থেকে সামনের রাস্তাতেও জল নামে। প্রকল্পের কাজ শেষে হলে ওই প্ল্যান্টে আর দূষিত বর্জ্য থাকবে না। প্রক্রিয়াকরণের মাধ্যমে মাটি কিংবা জৈব সারে পরিণত হবে বর্জ্য।  প্রক্রিয়াকরণের মাধ্যমে নির্গত কঠিন বর্জ্যকে বাইরেও পাঠানো হতে পারে। তবে সুডা সেসব যন্ত্রপাতি দেওয়ার আগে আপাতত পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে। ডাম্পিং গ্রাউন্ডে শেড সহ একাধিক বিল্ডিংয়ের কাজ দ্রুত শেষ করার দিকেই নজর পুরসভার। একটি প্রকল্পের মাধ্যমে একাধিক সমস্যার সমাধান হবে বলে খুশি বাসিন্দারাও।
সম্পর্কিত সংবাদ