Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৪ কোটি টাকায় রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে বিক্ষোভ সুতি গ্রামে

৪ কোটি টাকায় রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে বিক্ষোভ সুতি গ্রামে
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে গ্রামে নতুন রাস্তা নির্মাণ চলছে। সরকার সেজন্য চার কোটি টাকা বরাদ্দ করেছে। কোটি টাকার সেই কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী! এমনই অভিযোগে বিক্ষোভ দেখিয়ে কাজই বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ ব্লকের সুতি গ্রামে। দুর্নীতির অভিযোগ নিয়ে মহকুমা এবং ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। সেই মতো তদন্ত করছে প্রশাসন।
Advertisement
স্থানীয় এবং প্রশাসন সূত্রে খবর, এলাকায় দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকা করার উদ্যোগ নিয়েছে সরকার। সুতি গ্রাম থেকে কামারপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিমি রাস্তা পাকা করা শুরু হয়েছে। 
সরকারের গ্রামীণ উন্নয়ন তহবিল থেকে এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় চার কোটি টাকা। কাজ শুরু হওয়ার সময় খুশি হয়েছিলেন গ্রামবাসী। কিন্ত তাতে অনিয়ম দেখেই চটেছেন তাঁরা। 
এদিন বিক্ষোভরত গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণে যে পাথর ব্যবহার  হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। এমনকি নীচের অংশে যে পাথর মিশ্রণের কাজ চলছে, সেক্ষেত্রেও যথাযথ নিয়ম মানা হয়নি। মিশ্রনে মাটিই বেশি, পাথরের পরিমাণ খুবই কম। বিক্ষোভকারী মাবুদ মিয়াঁর কথায়, এই রাস্তা দিয়ে গৌরহন্ড গ্রাম পঞ্চায়েতের আটটি গ্রামের কয়েকহাজার মানুষ যাতায়াত করেন। যেভাবে কাজ হচ্ছে, বৃষ্টি হলে এই রাস্তা ধুয়ে যাবে। 
দুর্নীতি করার জন্যই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সিডিউল মেনে কাজ করার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আরএক বিক্ষোভকারী ফিরোজ আলি বলেন, রাস্তাটি দ্বিফসলী মাঠে অবস্থান করছে। চাষবাদের জন্য রাস্তাটি ভালো অবস্থায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের গুণগত মান নিয়ে ঠিকাদার সংস্থাকে বলা হয়েছিল। কিন্তু তিনি কোনও গুরুত্ব দেননি।
কাজের ফলক দেখে জানা গিয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন করার দায়িত্ব রয়েছে মালদহ জেলা পরিষদ। এই প্রসঙ্গে জেলাপরিষদের সহসভাধিপতি রফিকুল হোসেন বলেন, রাজ্য সরকার গ্রামীণ উন্নয়ন নিয়ে তৎপর রয়েছে। কাজের গুণগত মান যাতে ঠিক থাকে, সেটা গুরুত্ব সহ বিষয়টি দেখা হচ্ছে। অনিয়ম হলে রেয়াত করা যাবে না। এই ব্যাপারে চাঁচলের মহকুমা শাসক শৌভিক মুখোপাধ্যায় বলেন, অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করা হবে। 
সম্পর্কিত সংবাদ