সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার সকাল থেকেই দিনদরিদ্র ভ্যান চালক ওয়াদ আলির বাড়িতে জমির মালিকদের ভিড়। সবাই চান, তাঁর জমি ওয়াদ আলি কিনুক। ওয়াদ স্বপ্ন দেখতেন, একদিন কিছু জমি কিনে চাষবাস শুরু করবেন। কিন্তু ভ্যান চালিয়ে সে স্বপ্ন যে পূরণ হবে না তা তিনি ভালোই জানতেন। তাই মাঝে মাঝে অল্পস্বল্প টাকার লটারির টিকিট কিনতেন। ২০০-৪০০ টাকা পুরস্কারও জুটেছে কখনও সখনও। কিন্তু সোমবার সন্ধ্যায় যা ঘটল তা একেবারে অচিন্তনীয়। ওইদিন সন্ধ্যায় বাড়ি ফেরার সময়ে গ্রামেরই জামিরুল শেখের থেকে ৩০ টাকার লটারির টিকিট কেটেছিলেন। টিকিটি কেটে বাড়ি চলে এসেছিলেন। কয়েক ঘণ্টা বাদেই টিকিট বিক্রেতা জামিরুল ওয়াদের বাড়িতে এসে হাজির। মুখে একগাল হাসি। জানালেন, প্রথম পুরস্কার এক কোটি টাকা ওয়াদের টিকিটেই উঠেছে।
Advertisement
ভরতপুর থানার সিজগ্রামের ওয়াদ আলি শেখ লটারিতে এক কোটি টাকা জেতার পর পরিবার আনন্দে আত্মহারা। প্রতিবেশী থেকে জমি বিক্রেতা, সবাই ভিড় জমাচ্ছেন। প্রায় ১৯ বছর ধরে লটারির টিকিট কাটছেন ওই ভ্যান চালক। পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে দুই ছেলেমেয়ে। বাড়ি বলতে একটি দু’ কামরার পাকা বাড়ি। তবে জমিজমা নেই। ওয়াদ আলি বলেন, বহু বছরের ইচ্ছা ছিল চাষের জন্য কিছুটা জমি কিনব। ভ্যান চালিয়ে সংসার চালাই। জমি কেনার টাকা আমি কোনওদিন জমাতে পারব না এটাও জানতাম। কিন্তু এই পুরস্কার আমার জমি কেনার ইচ্ছা পূরণ করবে। টাকা হাতে পাওয়ার পর পাঁচ বিঘে জমি কেনার ইচ্ছা রয়েছে। পুরস্কার বিজেতার এই কথা জানতে পেরে মঙ্গলবার সকালে গ্রামের কয়েকজন জমি বিক্রেতা তাঁর সঙ্গে দেখা করেছেন। ওয়াদ আলির স্ত্রী রঙ্গিনা বিবি বলেন, খুব কষ্টে সংসার চালাতে হয়। স্বামী ১৯ বছর ধরে লটারির টিকিট কাটছেন। ছোটখাটো পুরস্কারও পেয়েছেন। তবে এই একটি পুরস্কার গোটা পরিবারকে দাঁড় করিয়ে দিল। এবার হয়তো আমাদের সুদিন এসেছে।



