সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর শহরে ২ কোটি টাকা বরাদ্দে ২৫ টি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজে নামল পুরসভা। দীর্ঘদিন থেকে গঙ্গারামপুর শহরের রাস্তা বেহাল হয়ে রয়েছে। শহরবাসী আশায় ছিল, পুজোর মরশুমে বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দেবে পুরসভা। কিন্তু পুরসভার উন্নয়নমূলক তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় রাস্তা সংস্কারের কাজ থমকে থাকে। শহরের বেহাল রাস্তা সংস্কারের জন্য গঙ্গারামপুর পুরসভা পুর ও নগরোন্নয়ন দপ্তরে আবেদন জানায়।
Advertisement
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ১৮ টি ওয়ার্ডের ২৫টি রাস্তা সংস্কার করা হবে। সেজন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুরসভা কর্তৃপক্ষ ইতিমধ্যে রাস্তার কাজের টেন্ডারের কাজ সম্পন্ন করে ফেলেছে। বর্তমানে শহরের গলাকাটা কলোনি, সাহাপাড়া, দত্তপাড়া, স্কুলপাড়া, ইন্দ্রনারায়ণপুর কলোনি, হালদার পাড়ার পিচের রাস্তার কঙ্কালসার অবস্থা। প্রত্যেকদিন শহরের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগে পড়তে হচ্ছে। পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, শহরের পিচের রাস্তাগুলি বেহাল হয়ে রয়েছে। বিষয়টি আমরা অনেকদিন ধরেই লক্ষ্য করছি। কিন্তু পুরসভায় ফান্ডের সমস্যা থাকায় পুজোর মুখে রাস্তা সংস্কার করা যায়নি। পুরসভায় উন্নয়নমূলক তহবিলে অর্থ বরাদ্দ হতেই ২৫ টি বেহাল রাস্তা সংস্কার করা হবে। দুই মাসের মধ্যে ঠিকাদার সংস্থাকে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।



