Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৫০ কোটি ব্যয়ে জেলার ২৬টি রাস্তা সংস্কারে উদ্যোগী প্রশাসন

২৫০ কোটি ব্যয়ে জেলার ২৬টি রাস্তা সংস্কারে উদ্যোগী প্রশাসন
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জেলার বিভিন্ন প্রান্তে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। বেহাল রাস্তার জন্য দুর্ঘটনাও হয়। সে কথা মাথায় রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ২৬টি রাস্তা সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। তা করতে খরচ হবে প্রায় আড়াইশো কোটি টাকা। প্রায় ২৫০ কিলোমিটার রাস্তার সংস্কার হবে। উপকৃত হবেন প্রায় আড়াই হাজার গ্রামের মানুষ। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, পিএমজিএসওয়াই প্রকল্পের আওতায় ও পথশ্রী সহ বিভিন্ন প্রকল্পের অধীনেও রাস্তার কাজ হবে। ইতিমধ্যেই রাস্তা সংস্কারের জন্য প্রশাসনিকস্তরে প্রস্তুতি শুরু হয়েছে। দ্রুত রাস্তা সংস্কার করার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৯ মাসের মধ্যে সংস্কার শেষ হবে। স্থানীয় বাসিন্দাদের কথায়, ভারী যানবাহন চলার ফলে জেলা বেশকিছু রাস্তার অবস্থা খুবই খারাপ। বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়। রাস্তার সংস্কার হলে সেই সমস্যা যেমন কমবে, তেমনি যাতায়াতে সময় কম লাগবে। 
Advertisement
মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, জেলার সাংসদ জুন মালিয়া, সাংসদ দেব  সহ জনপ্রতিনিধিরা বেশ কিছু রাস্তা সংস্কারের আর্জি জানিয়েছিলেন। এছাড়া বেহাল পড়ে থাকা বেশকিছু রাস্তা আমাদের নজরেও ছিল। ২৬টি রাস্তা চিহ্নিত করে দ্রুত সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাস্তার কাজ দ্রুত করার পরিকল্পনা রয়েছে। 
প্রসঙ্গত, শহরের মতো গ্রামীণ এলাকায় রাস্তা সংস্কারেও উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে বহু রাস্তার সংস্কার হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠকে গুরুত্ব দিয়ে রাস্তা সংস্কার করার কথা বলেছেন। জানা গিয়েছে, একসময়ে জেলার প্রতিটি ব্লকে রাস্তার ব্যাপক সমস্যা ছিল। জেলার এক ব্লক থেকে অপর ব্লকে যেতে মানুষের কালঘাম ছুটে যেত। তার উপর মাওবাদী কার্যকলাপের জেরে থমকে গিয়েছিল উন্নয়নের কাজ। তবে ২০১২ সালের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। শুরু হয় একের পর এক রাস্তা সংস্কারের কাজ। তবে সম্প্রতি বেশকিছু রাস্তার ফের সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংস্কার হবে এমন প্রতিটি রাস্তার দৈর্ঘ্য গড়ে ৮ থেকে ৯ কিলোমিটার। মোহনপুর ব্লকে ১টি, খড়গপুর-২ ব্লকে ২টি, খড়গপুর-১ ব্লকে ২টি, দাঁতন-২ ব্লকে ৩টি রাস্তা সহ মেদিনীপুর, ঘাটাল ও খড়গপুর মহকুমা এলাকাতেই ২৬টি রাস্তার সংস্কার হবে। রাস্তাগুলি তৈরির ক্ষেত্রে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। 
জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি বলেন, অনেক রাস্তার কাজ চলছে। একইসঙ্গে এত রাস্তার কাজ শেষ হওয়ায় উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের কাজ বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দাঁতন ব্লকের বাসিন্দা শ্যামল জানা বলেন, প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয়। বেশ কিছু রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ