নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সোমবার থেকে শুরু হল বর্ধমানের টাউনহল সংস্কারের কাজ। এদিন কাজের শিলান্যাস করেন পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ঐতিহাসিক এই টাউন হল সংস্কারের দাবি বহু দিন ধরেই উঠছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় খুশি শহরবাসী। তাঁরা বলেন, টাউনহলে নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, কাজী নজরুল ইসলাম এসেছিলেন। এছাড়া আরও অনেক মহান ব্যক্তির পদধূলি এখানে পড়েছিল। পুরসভার চেয়ারম্যান বলেন, সংস্কারের কাজ শেষ হতে বছর খানেক সময় লাগবে। প্রায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকা খরচ করে কাজ হবে। হেরিটেজ বিল্ডিং হওয়ায় সামনের অংশের কোনও পরিবর্তন হবে না। তবে, ভিতরে আমূল পরিবর্তন করা হবে। ৩০০ সিটের আধুনিক হল তৈরি করা হবে।



