Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

দেশের ১৭টি রেল জোনের মধ্যে সবচেয়ে বেহাল কলকাতা মেট্রো

আর্থিকভাবে ধুঁকছে কলকাতা মেট্রো রেল। দেশের ১৭টি রেলওয়ে জোনের মধ্যে অর্থনৈতিক হাল সবথেকে খারাপ কলকাতা মেট্রোর। অপারেটিং রেশিওর হারেই এই তথ্য প্রতিষ্ঠা পেয়েছে।

দেশের ১৭টি রেল জোনের মধ্যে সবচেয়ে বেহাল কলকাতা মেট্রো
  • ১৯ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: আর্থিকভাবে ধুঁকছে কলকাতা মেট্রো রেল। দেশের ১৭টি রেলওয়ে জোনের মধ্যে অর্থনৈতিক হাল সবথেকে খারাপ কলকাতা মেট্রোর। অপারেটিং রেশিওর হারেই এই তথ্য প্রতিষ্ঠা পেয়েছে। কলকাতা মেট্রোর ক্ষেত্রে ১০০ টাকা আয়ে খরচ হয়ে যাচ্ছে ২৩৭ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ, যা আয় হচ্ছে, তার দ্বিগুণেরও বেশি অর্থ খরচ হচ্ছে কলকাতা মেট্রোর। এই হিসেব ২০২২-২৩ আর্থিক বছরের। ক্যাগ রিপোর্টেই এহেন উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এসেছে। পাশাপাশি কলকাতা মেট্রো সহ দেশের ১০টি রেলওয়ে জোনেই ১০০ টাকা আয়ে খরচের পরিমাণ ১০০ টাকারও অনেক বেশি। এই তালিকায় রয়েছে পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলও। ১০০ টাকা আয়ে রেলের যত টাকা খরচ হয়, সেটিই তার অপারেটিং রেশিও। এই হার যত কম হবে, তত তা রেলের আর্থিক পরিস্থিতির পক্ষে স্বস্তিদায়ক। 

Advertisement

আগামী ২২ আগস্ট রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন। তার আগেই কলকাতা মেট্রোর বেহাল কোষাগারের এহেন ছবি সামনে এসেছে। ক্যাগ তার রিপোর্টে স্পষ্টই উল্লেখ করেছে, কলকাতা মেট্রো রেলের পরিস্থিতি সবথেকে খারাপ। তাদের রাজস্ব আদায়ের তুলনায় পরিচালনগত খরচের পরিমাণ ঢের বেশি। কলকাতা মেট্রোর পাশাপাশি ২০২২-২৩ আর্থিক বছরে রেলের অন্য যে ন’টি জোনের অপারেটিং রেশিও ১০০ শতাংশেরও অনেক বেশি, সেগুলি হল পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মধ্য রেল, নর্দার্ন রেল, উত্তর-পূর্ব রেল, উত্তর-পশ্চিম রেল, দক্ষিণ রেল, দক্ষিণ-পশ্চিম রেল এবং পশ্চিম রেল। ক্যাগ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দেশের ১৭টি রেলওয়ে জোনের মধ্যে আর্থিকভাবে সবথেকে ভালো পরিস্থিতি পূর্ব উপকূলীয় রেলের। এই জোনের অপারেটিং রেশিওর হার ৫৩.৮৬ শতাংশ। রিপোর্টে ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ আর্থিক বছর পর্যন্ত রেলের অপারেটিং রেশিওর সার্বিক হারও উল্লেখ করেছে ক্যাগ। তাতে দেখা যাচ্ছে, ২০১৮-১৯ আর্থিক বছরে রেলের অপারেটিং রেশিও ছিল ৯৭.২৯ শতাংশ। কিন্তু ২০২২-২৩ অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৮.১০ শতাংশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ