Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

কোহলিই গ্রেটেস্ট, রায় ভনের

বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত মাইকেল ভন।

কোহলিই গ্রেটেস্ট, রায় ভনের
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০

লন্ডন: বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তে স্তম্ভিত মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মতে, টেস্ট ক্রিকেটের জন্য ভিকে’র অবদান অতুলনীয়। নিজের কলামে ভন লিখেছেন, ‘কোহলি গ্রেটেস্ট। টেস্ট থেকে কারও অবসরের সিদ্ধান্তে এতটা হতাশ আগে বিশেষ হইনি। খুব খারাপ লাগছে যে, ইংল্যান্ডে আসন্ন গ্রীষ্মে সাদা পোশাকে ও খেলবে না। সত্যি বলতে ওর অবসরে আমি স্তম্ভিত। এই সিদ্ধান্ত বিষণ্ণ করেছে আমায়। প্রায় ৩০ বছর ধরে ক্রিকেটের পরিবর্তনের সাক্ষী আমি। কিন্তু টেস্টের জন্য আর কেউ বিরাটের মতো অবদান রাখেনি।’

Advertisement

১২৩ টেস্টে ৯২৩০ রানে থেমে গেলেন কোহলি। গড় পঞ্চাশের নীচে, ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান। ক্যাপ্টেন হিসেবে ৬৮ টেস্টে জিতেছেন ৪০টিতে। কোনও ভারতীয় অধিনায়কের এই সাফল্য নেই। ৩৬ বছর বয়সির নেতৃত্ব সম্পর্কে ভনের মূল্যায়ন, ‘এক দশক আগে যখন ও অধিনায়ক হয়, আশঙ্কিত ছিলাম। টেস্ট ক্রিকেটে ভারত আগ্রহ হারিয়ে বসবে না তো? মহেন্দ্র সিং ধোনি সাদা বলের ক্রিকেটে গ্রেট। কিন্তু দেখে মনে হতো ও এমন একটা দলকে নেতৃত্ব দিচ্ছে যারা টেস্ট খেলতে ভালোবাসে না। ক্রিকেটের স্বার্থেই দরকার ছিল এমন ভারতীয় দল, যারা পাগলের মতো টেস্টকে ভালোবাসে। আর বিরাট অধিনায়ক হিসেবে ঠিক সেটাই করেছিল।’ ব্যাখ্যাও করেছেন ভন, ‘কোহলির প্যাশন, স্কিল ও টেস্টকে ঘিরে আবেগ দারুণভাবে বাড়িয়েছে এই ফরম্যাটের জনপ্রিয়তা। ওকে ছাড়া অনেক ম্যাড়ম্যাড়ে লাগত টেস্ট ক্রিকেটকে। কোহলি যদি টেস্টের প্রতি এত আবেগপ্রবণ না হতো, এত একাত্মতা না দেখাত, তাহলে এই ফরম্যাটের আবেদন হারিয়ে ফেলার আশঙ্কাও থাকত।’
ক্রিকেটার হিসেবে কোথায় অবস্থান কোহলির? ভনের মতে, ‘ওর অবসর টেস্টের কাছে মস্ত বড় ধাক্কা। সমর্থকদের কাছেও হতাশাজনক। পরের প্রজন্মের মনে ও টেস্টের প্রতি ভালোবাসা জন্ম দিয়েছিল। আশা করব, তা ঘুচে যাবে না। আর তিন ফরম্যাট বিচার করে যদি দেখতে হয়, তবে কোনও সন্দেহ নেই কোহলিই সর্বোত্তম।’

সম্পর্কিত সংবাদ