নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ১৬ কেজি গাঁজা সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সোমনাথ সর্দার ও শুভজিৎ হালদার। তাদের বাড়ি কোচবিহারে। কোচবিহার থেকে কলকাতায় গাঁজা পাচারের উদ্দেশ্যে রবিবার রাতে শিলিগুড়িতে পৌঁছয় ওই দুই পাচারকারী। দু’জনই কলকাতা যেতে বাসের জন্য অপেক্ষা করছিল। সূত্রে খবর পেয়েই প্রধাননগর থানার পুলিস অভিযান চালায়। সোমনাথ ও শুভজিৎকে সন্দেহভাজন অবস্থায় দেখতে পেয়ে তাদের তল্লাশি নেয় পুলিশ। সেই সময় তাদের কাছে থাকা ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় ১৬ কেজি গাঁজা। সোমবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।



