নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে গেরুয়া পতাকা। ঠিক তার মুখোমুখি লাল পতাকা। ধর্মতলার মোড়ে এমনই পরিস্থিতি সৃষ্টি হল শুক্রবার বিকেলে। রাজনৈতিকভাবে দুই বিপরীত মেরু হলেও দুই পক্ষের ইস্যুই ছিল কাশ্মীর। তবে স্লোগান ছিল আলাদা। এদিন বিকেলে ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষে সভা করছিল বিশ্ব হিন্দু পরিষদ। উল্টো দিকে বামফ্রন্টের মিছিল শুরুর জন্য জমায়েত হচ্ছিল। বামেদের জমায়েতের উদ্দেশে গেরুয়াপন্থীরা কমিউনিস্ট- বিরোধী স্লোগানও তুললেন। মাঝখানে প্রাচীর হয়ে শান্তি রক্ষা করে পুলিস।
এক সময় বিশ্ব হিন্দু পরিষদের সভা শেষ হয়। বামফ্রন্টের মিছিল এগয় শিয়ালদহের দিকে। বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতের চেয়ে বামফ্রন্টের মিছিলে মানুষের অংশগ্রহণ অনেকটাই বেশি ছিল। মিছিলের শেষে শিয়ালদহে বামফ্রন্টের তরফে বক্তব্য রাখেন আরএসপির মনোজ ভট্টাচার্য ও সিপিএমের মহম্মদ সেলিম। সভা থেকে সিপিএম রাজ্য সম্পাদক সেলিম বলেন, ‘মানবতার উপর যখন যেখানে আঘাত এসেছে, কলকাতা গর্জে উঠেছে। কাশ্মীরে ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ প্রতিদিন ডানা মেলছে। বিজেপি আসায় সবাই ভেবেছিলেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়! আতঙ্কবাদ শেষ! কিন্তু এটা যে মোদির জুমলা, তা আজ প্রমাণিত।’ -নিজস্ব চিত্র