Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাপাড়ে উন্নয়নের কাজ হবে কীভাবে পুরসভা, বন্দর ও লালবাজারের যৌথ পরিদর্শন

কলকাতার দিকে গঙ্গাপাড়ে একাধিক জায়গায় ভাঙন হয়েছে।

গঙ্গাপাড়ে উন্নয়নের কাজ হবে কীভাবে  পুরসভা, বন্দর ও লালবাজারের যৌথ পরিদর্শন
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার দিকে গঙ্গাপাড়ে একাধিক জায়গায় ভাঙন হয়েছে। এই পরিস্থিতিতে কোথায় কী ধরনের উন্নয়নের কাজ হবে, তা ঠিক করতে সরেজমিনে এলাকা ঘুরে দেখল যৌথ টিম। সোমবার গঙ্গাবক্ষ থেকে কলকাতার গঙ্গাপাড় পরিদর্শন করেন তাঁরা। উপস্থিত ছিলেন পুর কমিশনের ধবল জৈন, পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা ও পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন। পাশাপাশি, পুরসভা এবং বন্দরের ইঞ্জিনিয়াররাও সেখানে উপস্থিত ছিলেন। আর্মেনিয়ান ঘাট, গোয়ালিয়ার ঘাট, বাজেকদমতলা ঘাট, দইঘাটের সংস্কার ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কুমোরটুলি, নিমতলা ও আহিরীটোলা ঘাটের সংস্কারের বিষয়েও একমত হয়েছেন সকলে। 

Advertisement

এদিন দইঘাট থেকে মায়ের বাড়ি পর্যন্ত গঙ্গাপাড় পরিদর্শন করা হয়। যে ঘাটগুলির অবস্থা অত্যন্ত খারাপ, সেগুলির সংস্কারের বিষয়ে আলাদা করে আলোচনা হয়েছে। বিশেষ করে নিমতলা ঘাটের সিঁড়িগুলি অনেকাংশে ভেঙে গিয়েছে। তার সংস্কার হবে। এক পুরকর্তা বলেন, এদিনের পরিদর্শন ও আলোচনা বেশ ইতিবাচক হয়েছে। বেশ কয়েকটি ঘাট রয়েছে, যেগুলি সংস্কারের পাশাপাশি সম্প্রসারণ করার সুযোগ করেছে। যেমন দইঘাট কিংবা গোয়ালিয়ার ঘাট। সেখানে ছট বা পুজোর সময় অস্থায়ী র‌্যাম্প বানাতে হয়। সেখানে যদি স্থায়ী কংক্রিটের চাতাল বানিয়ে দেওয়া যায়, তাহলে বিসর্জনের পাশাপাশি ছটের সময়ও সুবিধা হবে। এছাড়া কয়েকটি ঘাটে সিঁড়ি রয়েছে, কিন্তু র‌্যাম্প নেই। সেখানে কংক্রিটের র‌্যাম্প বা চাতাল বানানোর বিষয়ে আলোচনা হয়েছে। সেই জায়গাগুলিও এদিন ঘুরে দেখা হয়েছে। 
জানা গিয়েছে, গঙ্গাপাড়ে বেশ কয়েকটি জায়গায় টয়লেট বানানোর প্রয়োজন। কিছু জায়গায় ময়লা ফেলার জন্য কম্প্যাক্টর স্টেশনও তৈরি করা দরকার। সেই জায়গাগুলি এদিন চিহ্নিত করা হয়েছে। এগুলি তৈরি করার জন্য পুরসভাকে যাতে বন্দর বিনামূল্যে জমি দেয়, তা নিয়ে আলোচনা হয়েছে এদিন। পাশাপাশি, স্ট্র্যান্ড রোডে একটি মাল্টিকার পার্কিং লট তৈরি হবে। সেই জায়গাটিও এদিন দেখা হয়। 
তবে নিমতলা থেকে জগন্নাথ ঘাট যাওয়ার পথে ডান দিক বরাবর বিভিন্ন জায়গায় গঙ্গাপাড়ের অবস্থা বেশ ‘ভয়ঙ্কর’। সেখানে বন্দরের বিভিন্ন গুদামঘর রয়েছে। সেই জমিও অনেকাংশে গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে। এক পুরকর্তা বলেন, জগন্নাথ ঘাট থেকে নিমতলা পর্যন্ত ওই দেড় কিমি পাড় নিয়ে আলাদা করে আলোচনা হয়েছে। সেটা বন্দর পৃথকভাবে দেখছে। বিশেষ স্কিমের আওতায় এই অংশে গঙ্গাপাড় বাঁধানো থেকে শুরু করে যাবতীয় উন্নয়নের কাজ হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ