নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে অহেতুক বিলম্ব আর বরদাস্ত করবে না নবান্ন। অনেক সময় দেখা যাচ্ছে, চাকরিপ্রার্থী নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁর পুলিস ভেরিফিকেশন ও মেডিক্যাল ভেরিফিকেশন হতেই অনেকটা সময় চলে যাচ্ছে। এতদিন এই কাজ যত তাড়তিাড়ি সম্ভব করে দেওয়ার নির্দেশ থাকত। কিন্তু কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হতো না। এবার সেটাই করল রাজ্য সরকার। পরীক্ষায় কোনও চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছেন—এই খবব তাঁকে সরকারিভাবে জানানোর ৩০ দিনের মধ্যেই শেষ করতে হবে এই ভেরিফিকেশন প্রক্রিয়া। এমনই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠি দিয়ে সব দপ্তরকে সতর্ক করেছেন তিনি। এর অন্যথা হলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যসচিবের চিঠিতে বলা হয়েছে, পরীক্ষার ফল বেরনোর পর নিয়োগকারী সংস্থা যোগ্য প্রার্থীদের নামের তালিকা তৈরি করে। এর পরের ধাপে যেসব প্রক্রিয়া আছে, সেটা শেষ করতে অনেক সময় লাগিয়ে দেওয়া হচ্ছে। বিশেষত পুলিস ও মেডিক্যাল ভেরিফিকেশন অনেকদিন ধরে চলছে।



